‘অনুরোধ করছি, দয়া করে আমাকে একটু একটু…’ ‘আমায় কেওড়াতলাতেও দাঁড় করিয়েছেন…’ প্রার্থী তালিকায় নেই নাম? মুখ খুললেন ইমন চক্রবর্তী!

মঙ্গলবার ২৯১টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে নানা জল্পনার অবসান ঘটে। অনেকেই ভেবেছিলেন, এই তালিকায় জায়গা পাবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। গত কয়েক সপ্তাহ ধরে তাঁকে নিয়ে এই জল্পনা ক্রমেই জোরালো হয়েছিল।
সম্প্রতি রাজ্য সরকারের একটি প্রচারমূলক গানে তাঁর কণ্ঠ শোনা গিয়েছিল, যা নিয়ে আলোচনা হয় ব্যাপকভাবে। সেই সূত্রেই অনেকের ধারণা ছিল, তিনি হয়তো সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দিতে পারেন। পাশাপাশি তাঁর বঙ্গবিভূষণ সম্মান পাওয়াও সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছিল।
তবে প্রার্থী তালিকা প্রকাশের পর স্পষ্ট হয়ে যায়, ইমনের নাম সেখানে নেই। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই গায়িকা নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, এই পুরো বিষয়টি মিডিয়ার তৈরি, তিনি নিজে কখনও এমন কোনও ইঙ্গিত দেননি।
এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ইমন বলেন, তিনি একজন শিল্পী এবং তাঁর কাজ গান গাওয়া। রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই। এই ধরনের জল্পনা তাঁকে মানসিকভাবে প্রভাবিত করেছে বলেও জানান তিনি। তাঁর কথায়, অযথা এই আলোচনা তাঁকে অস্বস্তিতে ফেলেছে।
সোশ্যাল মিডিয়াতেও একই বার্তা দেন ইমন। সেখানে তিনি রসিকতার সুরে লেখেন, গত কয়েক মাসে তাঁকে নানা জায়গায় দাঁড় করানো হয়েছে জল্পনার মাধ্যমে। শেষে অনুরোধ করে বলেন, তাঁকে যেন নিজের মতো থাকতে দেওয়া হয়। তাঁর এই বক্তব্য সামনে আসতেই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ৭৬ বছর বয়সে নিভে গেল এক উজ্জ্বল আলো! না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেত্রী! শোকস্তব্ধ বিনোদন জগৎ!
গায়িকা বলেন, ‘বিগত কয়েকমাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই যেমন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা ইত্যাদি। কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন। এবার আপনাদের কাছে করজোড়ে একটি বিনীত অনুরোধ রাখছি- প্লিজ, আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন।’

