ফের বড় পর্দায় দেব শুভশ্রী ম্যাজিক! সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ২০২৬-এ প্রেমের গল্পে প্রিয় জুটির প্রত্যাবর্তন? কি বলছেন দুই তারকা?

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি ধূমকেতু। সেই ছবিকে ঘিরে আবেগ উন্মাদনা আর স্মৃতির রেশ এখনও দর্শকের মনে টাটকা। ধূমকেতুই কি তবে এই জনপ্রিয় জুটির শেষ ছবি ছিল এমন প্রশ্ন বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সেই জল্পনায় ইতি টানল নতুন খবর। ২০২৬ সালেই আবার বড়পর্দায় একসঙ্গে ফিরছেন দেব ও শুভশ্রী। শুধু তাই নয়, শোনা যাচ্ছে পুজোর মরসুমেই মুক্তি পেতে পারে তাঁদের নতুন ছবি।
সম্প্রতি বড়দিনে মুক্তি পেয়েছে দুই তারকার আলাদা আলাদা ছবি। দেব অভিনীত প্রজাপতি ২ এবং শুভশ্রীর লহ গৌরাঙ্গের নাম রে নিয়ে প্রেক্ষাগৃহ বণ্টন থেকে শুরু করে নানা বিতর্কও তৈরি হয়েছিল। সেই সব আলোচনা সমালোচনা ছাপিয়ে এবার ফের একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিলেন তাঁরা। এক সময় টলিপাড়ার অন্যতম হিট জুটি হিসেবে দেব শুভশ্রীর নাম ছিল দর্শকের মুখে মুখে। তাই তাঁদের ফের একত্র হওয়া স্বাভাবিকভাবেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে।
ধূমকেতুর প্রচারের সময় থেকেই দেব শুভশ্রীর সম্পর্ক ঘিরে ছিল বিশেষ নজর। ঝলক প্রকাশের মঞ্চে পুরনো দিনের গানে একসঙ্গে নাচ সমাজমাধ্যমে ঝড় তুলেছিল। একে অপরকে আবার ফলো করা নৈহাটির বড়মার মন্দিরে একসঙ্গে পুজো দেওয়া সব মিলিয়ে ফের কাছাকাছি আসার ইঙ্গিত মিলেছিল। যদিও ছবি মুক্তির পরেই আবার দূরত্ব তৈরি হয় তাঁদের মধ্যে। কিছু মন্তব্য ঘিরে বিতর্ক এবং ফ্যান ক্লাবের বাকযুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এই বিতর্কের আঁচ গিয়ে পড়েছিল রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের নামেও। টলিপাড়ায় কানাঘুষো কম হয়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সব উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে। শেষ পর্যন্ত প্রাক্তন জুটির পেশাদার সিদ্ধান্তই জিতল। সমস্ত মতভেদ বিতর্ক ভুলে ফের একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন দেব ও শুভশ্রী। তাঁদের এই সিদ্ধান্তে খুশি পুরনো দিনের অনুরাগীরা।
আরও পড়ুনঃ ‘মায়ের বন্ধক রাখা সব গয়না ফিরিয়ে দিতে পেরেছি, সবাইকে সোনার তৈরি উপহার…’- সংগ্রাম থেকে সফলতার পথে সায়ক চক্রবর্তী!
জানা যাচ্ছে, আসন্ন ছবিটি হবে আদ্যপান্ত একটি প্রেমের গল্প। ধূমকেতুতে তাঁদের পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে নতুন ছবির পরিচালক কে হবেন তা এখনও প্রকাশ্যে আসেনি। প্রযোজনার দায়িত্বে থাকছে দেব এন্টারটেনমেন্ট। ঘনিষ্ঠ সূত্রে খবর খুব শীঘ্রই একে একে ছবির নাম পরিচালক ও অন্যান্য তথ্য ঘোষণা করবেন দেব ও শুভশ্রী নিজেরাই। প্রেম রোম্যান্স আর নস্টালজিয়ার মিশেলে এই ছবি যে ২০২৬ এর পুজোয় বড় চমক হতে চলেছে তা বলাই বাহুল্য।

