‘শরীর ভালো নেই এই বাহানায় টাকা দিচ্ছে না…’ অসুস্থতার অজুহাতে টাকা না দেওয়ার অভিযোগ! চর্চা বাড়তেই কী পদক্ষেপ নিলেন দেবলীনা নন্দী?

নতুন বছরের শুরু থেকেই সমাজমাধ্যম জুড়ে একের পর এক ঘটনায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন গায়িকা ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। লাইভে এসে মানসিক অবসাদের কথা বলা, আত্মহত্যার চেষ্টা এবং হাসপাতালে ভর্তি হওয়ার খবর মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এরপর সুস্থ হয়ে আবার লাইভে এসে নিজের জীবনের অন্ধকার অধ্যায় খুলে ধরেন দেবলীনা। এই সবকিছু মিলিয়ে নেটদুনিয়ায় শুরু হয় নানা মন্তব্য ও বিতর্ক।

শ্বশুরবাড়ি এবং স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলার পাশাপাশি এ বার দেবলীনাকে ঘিরে নতুন অভিযোগ সামনে আসে। দুজন ব্যক্তি ফেসবুক লাইভে দাবি করেন, দীর্ঘদিন কাজ করেও তাঁরা নাকি প্রাপ্য টাকা পাননি। তাঁদের অভিযোগ অনুযায়ী, ফোন করলে দেবলীনাকে পাওয়া যেত না এবং তাঁর মা অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালের কথা বলতেন। এই ভিডিও দ্রুত ভাইরাল হতেই আবার নতুন করে আলোচনা শুরু হয়।

তবে নাটকীয় মোড় আসে কিছু সময়ের মধ্যেই। ফের লাইভে এসে ওই দুই ব্যক্তি জানান, বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। দেবলীনাই তাঁদের সঙ্গে কথা বলে সমস্ত বকেয়া মিটিয়ে দিয়েছেন। তাঁরা বলেন, অসুস্থতার সময় রাগের মাথায় কিছু কথা হওয়ায় দু পক্ষেরই খারাপ লেগেছিল। এখন সব মিটমাট হয়ে গিয়েছে এবং আর কোনও অভিযোগ নেই।

এতেই শেষ নয়। প্রথম ভিডিওটি মুছে ফেলে তাঁরা অনুরোধ করেন, কেউ যেন স্ক্রিনশট বা পুরনো ভিডিও ছড়িয়ে না দেন। দেবলীনাকে সম্মান করেই তাঁরা কাজ করেছিলেন এবং কাজের পারিশ্রমিক পাওয়ার পর তাঁদের আর কিছু বলার নেই বলে স্পষ্ট করেন। এই বক্তব্যের পর কিছুটা হলেও পরিস্থিতি শান্ত হয়।

আরও পড়ুনঃ চিকিৎসা নাকি ব্যবসা? ভুল চিকিৎসায় দ্বিগুণ ক্ষতিগ্রস্ত অভিনেতা! নিজের শরীরে ভুল অ’স্ত্রোপচার নিয়ে এবার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিপ্লব চট্টোপাধ্যায়!

অন্যদিকে সুস্থ হয়ে ওঠার পর দেবলীনা নিজেও আবার মুখ খোলেন। তিনি জানান, স্বামী প্রবাহ এবং শ্বশুরবাড়ির মানসিক চাপ তাঁকে ভেঙে দিয়েছিল। মায়ের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখা, বাড়ি থেকে বের করে দেওয়া এবং প্রতিদিনের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি ভুল সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন। সেই সিদ্ধান্ত যে ঠিক ছিল না তা স্বীকার করলেও, নিজের জীবন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করার চেষ্টাই করেন দেবলীনা।

Back to top button