গায়িকার সুরে মানবতার ধ্বনি! ৩,৮০০ শিশুর হৃদস্পন্দন ফিরিয়ে জীবন বাঁচিয়েছেন গায়িকা! জীবনরক্ষায় গিনেস বুকে নাম উঠলো পলক মুচ্ছলের!

বলিউডের মিষ্টি কণ্ঠের গায়িকা পলক মুচ্ছল এবার এমন এক কৃতিত্ব অর্জন করেছেন, যা তাঁকে শুধু সংগীত জগতেই নয়, মানবসেবার ক্ষেত্রেও এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। নিজের উদ্যোগে এবং প্রতিষ্ঠিত সংস্থা পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন-এর মাধ্যমে এ পর্যন্ত ৩,৮০০-রও বেশি দরিদ্র শিশুর হৃদযন্ত্রের অস্ত্রোপচারের খরচ বহন করেছেন তিনি। এই বিরল মানবিক অবদানের স্বীকৃতি হিসেবে তাঁর নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ।

পলকের মানবসেবার পথচলা শুরু হয়েছিল ছোটবেলায়। এক ট্রেনযাত্রায় দরিদ্র শিশুর কষ্ট দেখে তাঁর মনে জেগেছিল সহানুভূতির বীজ। তখনই ঠিক করেন, জীবনে যদি কিছু করতে পারেন, তবে তা হবে সমাজের জন্য। সেই ছোট্ট বয়স থেকেই তিনি রাস্তায় গান গেয়ে যুদ্ধাহত সৈনিকদের, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য করেছেন। এই অদম্য ইচ্ছাশক্তিই আজ তাঁকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি।

২০০০-এর দশকে পলকের দানমূলক উদ্যোগ এক নতুন রূপ নেয়, যখন এক অসুস্থ শিশুর চিকিৎসার জন্য তিনি অর্থ সংগ্রহ করেন। তাঁর এই উদ্যোগ দেখে বিখ্যাত চিকিৎসক দেবী শেঠি সেই শিশুর অস্ত্রোপচার বিনামূল্যে করে দেন। সেখান থেকেই শুরু হয় পলকের হৃদয়স্পর্শী ফাউন্ডেশনের যাত্রা। আজ সেই উদ্যোগই হাজারো শিশুর জীবনে নতুন সূর্যোদয়ের কারণ।

সংগীতজীবনের পাশাপাশি পলক নিয়মিত কনসার্ট আয়োজন করেন, যার সমস্ত আয় চলে যায় চিকিৎসা-সহায়তায়। নিজের কথা অনুযায়ী, “গান আমার নেশা, কিন্তু মানুষের মুখে হাসি ফোটানোই আমার সত্যিকারের সাফল্য।”

আরও পড়ুনঃ রুক্মিণীর পাশে দাঁড়ালো গোপালের মা! পুষ্পকে উচিত শিক্ষা দিল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

গিনেস বুকে নাম ওঠার পর দেশজুড়ে তাঁর প্রশংসায় মুখর সবাই। অনেকে বলছেন, পলক মুচ্ছল শুধু গায়িকা নন, তিনি মানবতার এক উজ্জ্বল প্রতীক, যিনি প্রমাণ করেছেন— হৃদয়ের সুরই পারে জীবন বদলে দিতে।

Back to top button