ধর্মেন্দ্রর অস্থি বিসর্জনে সানি-ববির হৃদয়স্পর্শী মুহূর্ত! হরিদ্বারে অস্থি বিসর্জন দিয়ে কি করলেন দুই ছেলে?

প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র আমাদের মাঝে নেই ঠিক নয়দিন হল। যাঁর জন্মদিন উপলক্ষে আনন্দের প্রস্তুতি চলছিল পরিবারে, আচমকাই সেই ঘরেই নেমে এসেছে শোকের ছায়া। ২৪ নভেম্বর সকালে চুপচাপ ভিলে পার্লের শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় কিংবদন্তি অভিনেতার। দর্শকদের শেষ দর্শন দেওয়ারও সুযোগ হয়নি, আর সেখানেই জন্ম নেয় আক্ষেপের পাহাড়। তবে পরের দিন থেকেই শোককে শক্তিতে পরিণত করে পরিবার শুরু করে শেষ দায়িত্ব পালনের প্রস্তুতি।

বৃহস্পতিবার ছিল স্মরণসভা। এরপর রবিবার ধর্মেন্দ্রর অস্থি নিয়ে দেওল পরিবার রওনা দেয় হরিদ্বারের উদ্দেশ্যে। বুধবার সকালে গঙ্গাতীরে সম্পন্ন হয় অস্থি বিসর্জনের পুরো প্রক্রিয়া। সানি দেওল ও ববি দেওল নিজের হাতে বাবার অস্থি বিসর্জন দিয়ে গঙ্গাস্নানে অংশ নেন। তাঁদের পাশে ছিলেন দু’জনের সন্তানরাও। পরিবারের এই নীরব শ্রদ্ধা ও আবেগঘন মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায় সনি ও ববির মুখে বাবাকে হারানোর গভীর যন্ত্রণা।

ধর্মেন্দ্রর প্রয়াণ বলিউড তথা দেশের বহু অনুরাগীর মনে দাগ কেটেছে। গত একমাস ধরে অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ও নানা জল্পনার মধ্যে ১১ নভেম্বরও ছড়িয়ে পড়েছিল তাঁর মৃত্যুর ভুয়ো খবর। তারপর আবার সুস্থ হয়ে ওঠার আশাও জাগিয়েছিলেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরেই চলতে থাকে চিকিৎসা। হঠাৎ করেই ২৪ নভেম্বর সকালে খবর আসে তিনি আর নেই। পরিবারের পক্ষ থেকে প্রথমে চুপ থাকা হলেও ধীরে ধীরে অভিনেতা–সহকর্মীরা শ্রদ্ধার পোস্ট করতে শুরু করেন।

শেষকৃত্যের দিনেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল না। ভক্তদের মনে তাই রয়ে যায় অপূর্ণতার বেদনা। বলিউডের হি–ম্যানকে কাছ থেকে শেষবার বিদায় জানানোর সুযোগ মিলল না কারও। তবু হরিদ্বারে পরিবারের এই নীরব, সংযত ও শ্রদ্ধায় ভরা আচার অনুষ্ঠান যেন জানিয়ে দিল ধর্মেন্দ্র শুধু পর্দার নায়ক নন, পরিবারের হৃদয়েও তিনি ছিলেন অমূল্য ধন।

আরও পড়ুনঃ হেমার সঙ্গে ধর্মেন্দ্রের মায়ের গোপন সাক্ষাৎ! হেমাকে জড়িয়ে ধরে কী বলেছিলেন তিনি? ছেলের একটা সংসার ভেঙে কেন নতুন সংসার গড়তে চেয়েছিলেন তিনি?

ধর্মেন্দ্রর অস্থি বিসর্জনের সেই গঙ্গাতীরের মুহূর্ত এখন বহু মানুষের কাছে আবেগের স্মৃতি। কারণ শেষ পর্যন্ত ভালবাসাই একজন কিংবদন্তিকে বিদায় জানানোর সবচেয়ে বড় ভাষা।

Back to top button