ধর্মেন্দ্রের ৯০তম জন্মদিনে বিশেষ আয়োজন! খান্ডালার ফার্মহাউজ খুলে দিচ্ছেন সানি-ববি! কি হতে চলেছে এই দিন?

প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর জন্মদিন এবার আরও আবেগঘন হয়ে উঠতে চলেছে। ২৪ নভেম্বর তিনি চলে গেলেও, তাঁর ৯০তম জন্মদিন উদযাপনে কোনও খামতি রাখতে চাইছেন না দুই ছেলে সানি ও ববি দেওল। সিদ্ধান্ত হয়েছে, খান্ডালায় সানির ফার্মহাউজেই হবে এই বিশেষ আয়োজন। বাবার স্মৃতি, তাঁর রেখে যাওয়া কর্মধারা আর অনুরাগীদের প্রতি সম্মান জানিয়ে দিনটিকে অন্যরকম এক উদযাপনে পরিণত করার প্রস্তুতি চলছে জোরকদমে।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, এবার প্রথমবার ধর্মেন্দ্রর ফার্মহাউজ খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। শেষযাত্রায় যেখানে ভক্তদের প্রবেশের অনুমতি ছিল না, সেখানে জন্মদিনে উলটপুরাণ। সানি ও ববির ধারণা, বহু মানুষ তাঁর শেষ দর্শন করতে পারেননি, তাই তাঁদের ইচ্ছেটা পূরণ করাই হবে প্রকৃত শ্রদ্ধা। যারা সত্যিই এই বিশেষ দিনে আসতে চান, তাঁরা যেন বাবার স্মৃতি, ছবির মুহূর্ত আর তাঁর প্রিয় জায়গাগুলো নিজ চোখে দেখতে পারেন—এই ভাবনাই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু।
পরিবারের সদস্যরাও এদিন উপস্থিত থাকবেন এবং ভক্তদের সঙ্গে দেখা করবেন। ফার্মহাউজটি খানিক অন্তরমুখী এলাকায় হওয়ায়, যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে। ভিড়ের পরিমাণ বুঝে শেষ মুহূর্তে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অনুষ্ঠানকে শান্ত, মর্যাদাপূর্ণ এবং ধর্মেন্দ্রর ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতেই বিশেষ প্রস্তুতি।
এর আগে ২৪ নভেম্বর দেবলোকের পথে পাড়ি দেন প্রবীণ অভিনেতা। হরিদ্বারের হর কি পৌড়িতে সানি, ববি এবং করণ দেওল উপস্থিত থেকে তাঁর অস্থি বিসর্জন করেন। দীর্ঘদিন অসুস্থতার পর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুম্বইয়ে পরিবারের ঘনিষ্ঠ মহলকে নিয়েই সম্পন্ন হয়েছিল তাঁকে শেষ বিদায় জানানোর অনুষ্ঠান।
আরও পড়ুনঃ ‘মানুষ তার মনুষ্যত্ব হারিয়েছে, ওই বাচ্চা শিশুটাকে…’- কোন ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়লেন মিমি চক্রবর্তী?
মৃত্যুর পর ২৭ নভেম্বর মুম্বইয়ে অনুষ্ঠিত হয় ‘সেলিব্রেশন অফ লাইফ’ প্রার্থনা সভা। বলিউডের বহু তারকা শোকসভায় যোগ দিলেও হেমা মালিনি একই দিনে আলাদা প্রার্থনা সভা আয়োজন করেন। প্রকাশ কৌরের সঙ্গে প্রথম সংসার থেকে চার সন্তান এবং হেমার সঙ্গে দুই কন্যা—সকলের ভালোবাসায় পরিপূর্ণ ধর্মেন্দ্রর জীবন এবার নতুনভাবে মনে করাবে তাঁরই সন্তানদের আয়োজন করা এই স্মরণীয় জন্মদিন।

