শেষ বিদায়ে অশ্রুজলে ভাসলো বলিউড! ধর্মেন্দ্রকে বিদায় জানাতে তারকাদের ভিড়! চোখে জল নিয়ে স্বামীকে বিদায় জানালেন হেমা মালিনী!

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। কয়েক সপ্তাহ আগেই তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল, তবে তখন পরিবার জানিয়েছিল, তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থির এবং তিনি বাড়িতে চিকিৎসাধীন। কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াই জিততে পারলেন না। সোমবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের ‘হি-ম্যান’। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে।

মুম্বইয়ের পবন হংস শ্মশানেই সম্পন্ন হয় অভিনেতার শেষকৃত্য। দুপুরের দিকে ধীরে ধীরে সেখানে পৌঁছোন বলিউড তারকারা। সবার আগে দেখা যায় তাঁর স্ত্রী হেমা মালিনীকে। চোখে জল আর নীরবতায় তিনি এগিয়ে যান শ্মশানের দিকে। ঠিক পিছনেই ছিলেন তাঁদের মেয়ে ঈশা দেওল। মাথায় ওড়না টেনে নীরবে বাবা’কে শেষ বিদায় জানাতে প্রবেশ করেন তিনি। উপস্থিত ছিলেন ঈশার প্রাক্তন স্বামী ভরত তখতানিও।

এরপরেই আসেন সানি দেওল। কিছুটা পরে সেখানে পৌঁছোন অমিতাভ বচ্চন। ‘শোলে’-তে ‘বীরু’ আর ‘জয়’-এর সেই স্মৃতি যেন ফিরে এল শ্মশানের নিস্তব্ধ পরিবেশে। অমিতাভের সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন, নাতি অগস্ত্য নন্দা এবং পরিচালক অনিল শর্মা। এরপর একে একে উপস্থিত হন সলমন খান, আমির খান, সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার-সহ আরও বহু তারকা।

এই সময়ে বিদেশে থাকায় শাহরুখ খান আসতে পারেননি, তবে তাঁর স্ত্রী গৌরী খান পৌঁছে যান শ্মশানে। সন্ধের দিকে পৌঁছোন শাবানা আজমি, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। প্রত্যেকেই নীরবতায় শেষ সম্মান জানান ‘হি-ম্যান’কে। বিকেলের দিকে সম্পন্ন হয় সব শেষকৃত্যের আনুষ্ঠানিকতা।

আরও পড়ুনঃ ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে বিদায় নিলেন দিতিপ্রিয়া রায়! পাশাপাশি হাজির নতুন অপর্ণা? স্বস্তির নিঃশ্বাস জিতুর!

ধর্মেন্দ্রের প্রয়াণে শোক বার্তা ভাসিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। করণ জোহর, কাজলসহ অনেকে স্মৃতিচারণায় ভরিয়ে দিয়েছেন তাঁর টাইমলাইন। কাজল লেখেন, “একজন সত্যিই ভাল মানুষ চলে গেলেন। মনে হচ্ছে, ভাল মানুষগুলো একে একে বিদায় নিচ্ছেন।” অভিনেতার চলে যাওয়ার সঙ্গে যেন আরেকটি যুগের ইতি টানল বলিউড।

Back to top button