‘জোয়ার ভাটা’য় ইতি টেনে বিগ বস-এ যোগ দেবেন আরাত্রিকা মাইতি? উজি চরিত্রের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে! মুখ খুললেন আরাত্রিকা মাইতি!

‘জোয়ার ভাটা’ ধারাবাহিকের নতুন প্রচার ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। সেখানে দেখা যায়, বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছে উজি চরিত্রটি, যার ভূমিকায় অভিনয় করছেন আরাত্রিকা মাইতি। সেই ঘটনার জন্য দায়ী হিসেবে দেখানো হয়েছে নিশা চরিত্রকে, যিনি অভিনয় করছেন শ্রুতি দাস। এই দৃশ্য সামনে আসতেই উজির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
প্রচার ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই শোনা যেতে থাকে, ধারাবাহিক থেকে নাকি বিদায় নিচ্ছেন আরাত্রিকা। পাশাপাশি টেলিপাড়ায় আরও একটি গুঞ্জন ছড়ায় যে, শ্রুতি দাসের সঙ্গে মনোমালিন্যের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এমনও দাবি করা হয়, অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে তিনি নাকি আসন্ন রিয়্যালিটি শো ‘বাংলা বিগ বস’-এ অংশ নিতে চলেছেন।
তবে এই সমস্ত জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আরাত্রিকা মাইতি। তিনি স্পষ্ট জানিয়েছেন, শ্রুতি দাসের সঙ্গে তাঁর কোনও ধরনের ঝগড়া বা দূরত্ব নেই। পাশাপাশি তিনি জানান, ‘বাংলা বিগ বস’-এ যোগ দেওয়ার খবরও সঠিক নয়। প্রচার ঝলক প্রকাশের পর থেকেই এই গুঞ্জন ছড়ালেও বাস্তবে তেমন কোনও পরিকল্পনা নেই।
এদিকে নতুন ঝলক দেখেই অনেক দর্শক সমাজমাধ্যমে লিখেছেন, উজি চরিত্রটি না থাকলে তাঁরা আর ধারাবাহিকটি দেখবেন না। অনুরাগীদের এই ভালোবাসার কথা জানেন আরাত্রিকাও। তিনি বলেন, উজি সবসময় সৎ পথে চলে বলেই তাকে বারবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে দর্শক এবার চরিত্রটিকে জিততে দেখতে চাইছেন।
আরও পড়ুনঃ সঞ্চালনার পাশাপাশি এবার ধারাবাহিকের পর্দায় বিশ্বনাথ বসু! গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে অভিনেতাকে? দর্শকদের জন্য থাকছে দুর্ধর্ষ চমক!
উজি চরিত্রের ভবিষ্যৎ নিয়ে আরাত্রিকা জানান, এই ধারাবাহিক বাস্তবধর্মী গল্পের উপর ভিত্তি করে তৈরি, তাই এখানে অলৌকিক বা কল্পনার জায়গা নেই। তাঁর ইঙ্গিত, গল্পে হয় উজির মৃত্যু দেখানো হবে, নয়তো দর্শকদের জন্য অপেক্ষা করছে বড় কোনও চমক। কারণ শেষ পর্যন্ত সত্য ও সততারই জয় হয়, সেই বার্তাই তুলে ধরতে চলেছে এই গল্প।

