গানের পাশাপাশি এবার অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ! ক্যামেরার সামনে অভিনেতা রূপে সুরের জাদুকর এ আর রহমান!

এ আর রহমান মানেই সুরের বিস্ময় আর অনুভূতির জোয়ার। বছরের পর বছর ধরে তাঁর সৃষ্ট গান ভারতীয় সিনেমাকে দিয়েছে আলাদা পরিচয়। তবে নতুন বছরে সেই চেনা ছবিটাই ভাঙতে চলেছেন অস্কারজয়ী এই শিল্পী। প্রথমবারের মতো বড়পর্দায় অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন এ আর রহমান। শুধু সঙ্গীত নয়, এবার দর্শক তাঁকে দেখবেন একেবারে নতুন রূপে। ‘মুনওয়াক’ নামের এই হাসির ছবির হাত ধরেই শুরু হচ্ছে তাঁর অভিনয় যাত্রা, যা ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তুঙ্গে।
মনোজ এন এস পরিচালিত এবং বিহাইন্ডউডস প্রোডাকশনের প্রযোজনায় তৈরি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নৃত্যশিল্পী ও পরিচালক প্রভুদেবা। ছবিতে রহমানকে দেখা যাবে এক রাগী পরিচালকের চরিত্রে, যা তাঁর বাস্তব ইমেজের সঙ্গে একেবারেই ভিন্ন। শুধু অভিনয়েই নয়, ছবির সমস্ত গানেও কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই। ফলে ‘মুনওয়াক’ শুধু গল্পে নয়, সুরের দিক থেকেও হতে চলেছে বিশেষ এক অভিজ্ঞতা। এই কারণেই ২০২৬ সালের সবচেয়ে আলোচিত ছবির তালিকায় জায়গা করে নিয়েছে এটি।
ছবির শুটিং অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস লুকোতে পারেননি পরিচালক মনোজ এন এস। তাঁর কথায়, প্রভুদেবা এবং এ আর রহমানকে একসঙ্গে ক্যামেরার সামনে পাওয়া সত্যিই বিরল সৌভাগ্য। তিনি জানিয়েছেন, ছবির গানগুলি হবে চোখ ও কানের জন্য একসঙ্গে উপভোগ করার মতো। বিশেষ করে প্রভুদেবার নাচ নাকি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্সগুলোর মধ্যে একটি হতে চলেছে। এই নাচের পেছনে কোরিওগ্রাফার শেখর মাস্টারের অবদানও বিশেষভাবে উল্লেখ করেছেন পরিচালক।
মনোজ আরও জানান, শুরুতে শুধু গানের মধ্যেই রহমানের উপস্থিতির পরিকল্পনা ছিল। কিন্তু শুটিং চলাকালীন তাঁর উপস্থিতি এতটাই প্রাণবন্ত হয়ে ওঠে যে চরিত্র হিসেবে আরও বড় পরিসরে তাঁকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। রহমান সেই প্রস্তাবে সানন্দে সম্মতি জানান। পরিচালকের দাবি, পুরো গান জুড়ে তাঁর উপস্থিতি ছবিতে আলাদা উষ্ণতা ও আকর্ষণ যোগ করেছে। সেটে অভিনেতা রহমানকে দেখে পুরো ইউনিটই নাকি দারুণভাবে উপভোগ করেছে এই অভিজ্ঞতা।
আরও পড়ুনঃ সুস্মিতার চোটে সাহেবের আদুরে যত্ন! ভাইরাল ভিডিওতে উষ্ণ প্রেমের ঝলক! কিভাবে চোট পেলেন অভিনেত্রী?
এই ছবিতে প্রভুদেবাকে দেখা যাবে বাবুট্টি নামের এক তরুণ কোরিওগ্রাফারের চরিত্রে। পাশাপাশি একাধিক চরিত্রে চমক দিতে চলেছেন যোগী বাবু। এছাড়াও অভিনয়ে রয়েছেন আজু ভার্গিজ, অর্জুন আশোকান, স্যাটজ, সুস্মিতা, নিশ্মা, স্বামীনাথন, রেডিন কিংসলে সহ আরও অনেকে। পুরোপুরি দমফাটা হাসির এই ছবি মুক্তি পাবে ২০২৬ সালের মে মাসে। সঙ্গীতের সম্রাটকে অভিনেতা হিসেবে দেখার ভাবনাতেই এখন থেকেই উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা।

