আদৃত তার শত্রু নয় বন্ধু, সত্যতা জানিয়ে এক সংবাদ মাধ্যমের সঙ্গে বচসায় জড়ালেন সৌমিতৃষা

বর্তমানে সোশ্যাল মিডিয়া একটি এমন মাধ্যম হয়ে উঠেছে যেটির সাহায্যে আপনি যেমন অনেক ভালো অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন আবার ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। এবার এমন একটি ঘটনার জেরে এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের সঙ্গে বচসায় জড়ালেন মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।

এই ঘটনা জানতে হলে আপনাকে জানতে হবে এর সূচনা। সম্প্রতি মিঠাইরানী তথা অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর একটি সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে। সেই সাক্ষাৎকারটিকে নিয়েই খবর হয়েছে একাধিক ছোট বড় পোর্টালে। সেই খবরে তার সিরিয়াল শেষ হওয়ার খবর থেকে তার অন্য ধারাবাহিকে কাজ করা সবকিছু নিয়েই ছিল চর্চা। তবে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় তথ্য ছিল তার এবং আদৃতের সম্পর্কটি ঠিক কেমন!

প্রসঙ্গত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায় দুজনেই মিঠাই ধারাবাহিক থেকে দারুন ভাবে জনপ্রিয় হয়েছে দর্শক মহলে। শুরুর প্রথম থেকে তাদের সম্পর্ক ছিল অত্যন্ত সুন্দর একসঙ্গে যখনই তাদের ক্যামেরার পিছনে দেখা যেত খুনসুটিতেই মজে থাকতেন তারা। কিন্তু ভক্ত মহলে হঠাৎই খবর ছড়ায় যে সেই সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। তবে তাই নিয়ে কখনোই অভিনেতা-অভিনেত্রীকে কিছু বলতে শোনা যায়নি। কিন্তু তাদেরকে যে আর একসঙ্গে দেখা যায় না সেটা লক্ষ্য করে ভক্ত মহল।

তাই তাদের দুজনের মধ্যেকার সম্পর্ক বা আদতে কি এমন ঘটেছে সেটা জানতে খুবই উদ্যোগী সকল দর্শক। এবার সেই নিয়েই কথা বলেছেন অভিনেত্রী। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সৌমিতৃষাকে প্রশ্ন করা হয়েছিল, আদৃতের সঙ্গে আপনার ঝগড়া হয়েছে অনেকবার এটাও তো শোনা যায়, এরপর আর কাজ করবেন একসাথে? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেছিলেন — “ওর সঙ্গে আমার অনেকবার ঝগড়া হয়েছে, মিটেও গিয়েছে। ঝগড়া হলে সেটা কাজ সংক্রান্ত কারণেই হয়েছে প্রেমের কারণে আমাদের ঝগড়া হয়নি। আদৃত এর সঙ্গে অবশ্যই কাজ করব তেমন প্রস্তাব পেলে। আমি চরম শত্রুর সঙ্গেও কাজ করতে পারি। সেখানে আদৃত তো আমার বন্ধু, আমি তো একজন পেশাদার অভিনেত্রী।”

আর এই সাক্ষাৎকারের জেরেই এক জনপ্রিয় পোর্টাল ‘টলি টেলস’ তার বলা কথাগুলো নিয়ে একটি খবর করা হয়েছে। যার শিরোনামে লেখা হয়েছে “আমি চরম শত্রুর সঙ্গেও কাজ করতে পারি, আদৃতের সঙ্গে অবশ্যই কাজ করব! মুখ খুললেন সৌমীতৃষা”। আর যেটা দেখেই অভিনেত্রী নিজের মেজাজ হারিয়ে ফেলেন আর সেই খবরের তলায় গিয়ে কমেন্ট করেন, “বাহ! যদিও আর্টিস্টদের নামে ভুলভাল নিউজ করাই আপনাদের পোর্টালের একমাত্র আর্নিং বুঝতে সক্ষম আমি, কিন্তু গল্পও ভালো লেখেন আপনারা, ওটাও ট্রাই করতে পারেন? ক্লিক করে গেলে আর্টিস্টদের নামে ভুল নিউজ করে খেতে হবে না।”

অভিনেত্রীর কমেন্টে অনেকেই নিজের নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন, “একজন লিখলেন যে শো হোক বা নিউজ তুমি থাকলেই হিট।” অনেকে অভিনেত্রীর কথায় সম্মতি জানিয়েছেন।

Back to top button