‘দিদি গো’ গান ঘিরে বিতর্ক! গানের মধ্যে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরাজয় উদযাপন? অভিযোগের বিরুদ্ধে এবার মুখ খুললেন ঊষা উত্থুপ!

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি গানের ভিডিও ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ একটি লাইভ অনুষ্ঠানে ‘দিদি গো’ গান পরিবেশন করার পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই দাবি করতে শুরু করেন, এই গানের মাধ্যমে নাকি তিনি রাজ্যের রাজনৈতিক পালাবদল এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়কে ইঙ্গিত করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে নেটমাধ্যমে নানা ধরনের ব্যাখ্যা সামনে আসে। কেউ দাবি করেন, তৃণমূল সরকারের সময় অনুষ্ঠানের জন্য নানা সমস্যার মুখে পড়েছিলেন শিল্পী। আবার অনেকে বলেন, সেই কারণেই নাকি তিনি কলকাতা ছেড়ে মুম্বইয়ে চলে গিয়েছিলেন। যদিও এই দাবির বিরোধিতাও করেছেন বহু মানুষ। তাঁদের মতে, এটি আসলে আলজেরিয়ান শিল্পী খালেদের জনপ্রিয় আরবি গান ‘দিদি’র বাংলা সংস্করণ, যা বহু বছর ধরেই গেয়ে আসছেন ঊষা উত্থুপ।

সমাজমাধ্যমে একাধিক পোস্টে এই গানকে রাজনৈতিক রঙ দেওয়া হলেও অনেকেই পুরনো ভিডিও ও অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে জানান, এই গান নতুন নয়। বেশ কয়েকজন নেটিজেন লেখেন, দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন মঞ্চে এই গান পরিবেশন করেছেন শিল্পী। ফলে হঠাৎ করে এটিকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখার কোনও কারণ নেই বলেই তাঁদের মত।

বিতর্ক বাড়তেই বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দেন ঊষা উত্থুপ। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় তাঁর নাম জড়িয়ে যেসব দাবি ছড়ানো হচ্ছে, তার অনেকটাই ভুল ও বিভ্রান্তিকর। শিল্পীর কথায়, গানটি বহু পুরনো এবং একটি আরবি সুর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। শুধুমাত্র মিউজিক পারফরম্যান্সের অংশ হিসেবেই তিনি বছরের পর বছর এটি গেয়ে আসছেন।

আরও পড়ুনঃ চুপিসারে নতুন জীবনের শুরু? পর্দার দীপ-ঝাঁপির সম্পর্ক ঘিরে টলিপাড়ায় জোর গুঞ্জন! গোপনে বিয়ের সারলেন সৌরভ-শুভস্মিতা?

এছাড়াও কলকাতা ছেড়ে মুম্বইয়ে চলে যাওয়ার দাবিও সম্পূর্ণ অস্বীকার করেছেন ঊষা উত্থুপ। তাঁর বক্তব্য, ১৯৭৬ সাল থেকে তিনি কলকাতাতেই থাকছেন এবং এই শহরই তাঁর বাড়ি। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, গানটির সঙ্গে কোনও রাজনৈতিক বার্তা জড়িত নয় এবং তাঁকে অযথা রাজনৈতিক বিতর্কে না টানার আবেদনও জানিয়েছেন।

Back to top button