সমস্ত প্রথা ভেঙ্গে আপাদমস্তক শ্বেত বস্ত্রে বিয়ের কনে প্রীতিপর্ণা রায়! ‘সাধারণত হিন্দু ধর্মে…’ ‘এবার কেউ যদি দৈববাণী…’ এমন কাণ্ড দেখে কি বললেন মমতা শংকর?

হিন্দু বিয়ের রীতিতে লাল রঙকে শুভ বলেই মানা হয়। বিয়ের সাজে লালের উপস্থিতি যেন এক অলিখিত নিয়ম। তবে সময় বদলেছে, বদলেছে রুচি আর পছন্দের প্রকাশও। লালের জায়গায় এখন অনেকেই বেছে নিচ্ছেন গোলাপি, হলুদ, সবুজ কিংবা হালকা বেগুনি। কিন্তু সেই সব ট্রেন্ডও একেবারে পাশ কাটিয়ে সম্পূর্ণ সাদা রঙেই বিয়ের সাজে ধরা দিলেন নৃত্যশিল্পী প্রীতিপর্ণা রায়। সম্প্রতি তাঁর বিয়ের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর চর্চা। বর কনে দুজনেই সাদা রঙে সেজেছেন, যা এক ঝলকে চোখ আটকে দিচ্ছে সকলের।

এই ব্যতিক্রমী সাজ কারও কাছে সাহসী সিদ্ধান্ত, আবার কারও চোখে রীতিভঙ্গ। সমাজমাধ্যমে প্রশংসার পাশাপাশি কটাক্ষও কম নয়। কেউ বলছেন, শিল্পীর স্বাধীনতাই এখানে মুখ্য। আবার কেউ প্রশ্ন তুলছেন হিন্দু বিয়ের প্রথা ভাঙা নিয়ে। বিতর্কের মাঝেই বিষয়টি পৌঁছে যায় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্করের কানেও। আজকাল ডট ইনকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি স্পষ্ট জানান, কারও ব্যক্তিগত পছন্দ নিয়ে মন্তব্য করতে তিনি আগ্রহী নন। তাঁর মতে, প্রত্যেকেরই নিজস্ব রুচি এবং পারিবারিক নিয়ম থাকতে পারে।

মমতা শঙ্কর আরও বলেন, হিন্দু ধর্মে সাদা রঙে বিয়ে নতুন হলেও কারও বিশ্বাস বা দৈব নির্দেশ থাকতেই পারে। তাই এই বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। তিনি মনে করেন, আজকের দিনে আরও গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে কথা বলা জরুরি। কারও বিয়ের সাজ নিয়ে আলোচনা তাঁর কাছে সেই তালিকায় পড়ে না। এই বক্তব্যে অনেকেই দেখছেন পরিণত দৃষ্টিভঙ্গির ছাপ।

অন্যদিকে প্রীতিপর্ণার ছোটবেলার বন্ধু হিয়া চক্রবর্তী এই বিতর্কে বন্ধুর পাশে দাঁড়িয়েছেন। পেশায় কার্যনির্বাহী প্রযোজক হিয়া জানিয়েছেন, সাদা রঙের এই ভাবনাটা নতুন নয়। বহু দিন ধরেই প্রীতিপর্ণা এবং তাঁর পরিবারের পছন্দের তালিকায় ছিল এই লুক। ভাইরাল হওয়ার জন্য ইচ্ছাকৃত ভাবে এমন সাজ নয় বলেই দাবি তাঁর। তিনি স্পষ্ট করেন, বিয়ের ছবিগুলি বন্ধুরাই সমাজমাধ্যমে ভাগ করেছেন।

আরও পড়ুনঃ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে “সোনা” চরিত্রে মন জিতেছিলেন সকলের! ধারাবাহিক শেষ হতেই কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী নিশা পোদ্দার?

হিয়ার মতে, সাদা মানেই অশুভ এই ধারণা ঠিক নয়। সাদা তো শান্তি আর শুভ সূচনার প্রতীক। কোনও শুভ অনুষ্ঠানের আগে সাদা পায়রা ওড়ানো হয়, তাহলে বিয়ের মতো পবিত্র দিনে সাদা পরলে সমস্যা কোথায়। যাঁরা কটাক্ষ করছেন, সেটা তাঁদের নিজস্ব মতামত বলেই মনে করেন তিনি। জানা গিয়েছে, বৌভাতের দিনেও প্রীতিপর্ণা চিরাচরিত রঙের বাইরে সাজতেই পছন্দ করেছেন।

Back to top button