‘হিন্দুদের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিকই, তবে শুধু হিন্দুদের মুখ্যমন্ত্রী হলে হবে না, আপামর জনগণের…’ নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে টলিপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া! নিজেদের চাওয়া পাওয়া নিয়ে সরব তারকারা!

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারীকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। রাজনৈতিক মহলের পাশাপাশি টলিপাড়ার একাংশও নতুন সরকারের প্রতি নিজেদের মতামত প্রকাশ করেছেন। কেউ নতুন প্রশাসনের কাছে আশাবাদী, আবার কেউ ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিনেতা ও পরিচালক সৌরভ পালোধি জানিয়েছেন, তিনি খুব বেশি আশাবাদী নন। তাঁর মতে, ধর্ম ও জাতি নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি চান রাজ্যের সংস্কৃতি ও সামাজিক পরিবেশ অক্ষুণ্ণ থাকুক এবং সংখ্যালঘু ও সংখ্যাগুরু সকলেই সমান মর্যাদা পান।

অন্যদিকে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী নতুন সরকারের কাছে কিছু স্পষ্ট দাবি রেখেছেন। তিনি চান শিল্পীদের কাজের ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন না থাকুক এবং বিনোদন জগতে সবাই স্বাধীনভাবে কাজ করতে পারেন। পাশাপাশি নারী নিরাপত্তা, শিল্পীদের সুরক্ষা এবং বিচারব্যবস্থার দ্রুততার দিকেও নজর দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘আমি ডাকলেও না বলতাম…’ ‘তাঁর শিক্ষা, মূল্যবোধ বা আদর্শ কিরকম…’ নাম না করেই রচনা ব্যানার্জিকে এক হাত নিলেন বিদীপ্তার চক্রবর্তী!

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ও জানিয়েছেন, তিনি মূলত একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক পরিবেশ দেখতে চান। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, সেগুলি বাস্তবায়ন করার দায়িত্ব এখন নতুন সরকারের বলেই মনে করছেন তিনি। সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেছেন পরিচালক।

অভিনেত্রী শ্রীলেখা মিত্র অবশ্য এখনও বামপন্থাকেই বিকল্প হিসেবে দেখছেন। তাঁর মতে, শিক্ষিত তরুণ প্রজন্মই ভবিষ্যতে প্রকৃত পরিবর্তন আনতে পারে। তবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি যেন শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নয়, গোটা বাংলার প্রতিনিধি হিসেবে কাজ করেন, সেই প্রত্যাশাই ব্যক্ত করেছেন শ্রীলেখা।

Back to top button