‘যেভাবে চললে শিল্পীরা বাঁচবেন, সেভাবেই…’ টলিউডে বড় পরিবর্তনের ইঙ্গিত! শিল্প নিয়ে মুখ খুললেন রূপা-রুদ্রনীল! কি হতে চলেছে তাঁদের প্রথম পদক্ষেপ?

নন্দনে সম্প্রতি প্রদর্শিত হয়েছে ‘প্রত্যাবর্তন’ এবং ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবি। সেই উপলক্ষে সেখানে হাজির ছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। সাংবাদিকদের সামনে তাঁরা টলিউডের ভবিষ্যৎ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। আগামী দিনে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুনভাবে সাজানোর কথাও জানান দু’জনেই।
পুরনো নিয়মে বদল আসবে কি না, সেই প্রশ্নের উত্তরে রুদ্রনীল বলেন, শিল্পী এবং শিল্পের স্বার্থে যে নিয়ম দরকার, সেটাই মেনে চলা হবে। তাঁর দাবি, এতদিন অনেক কিছু জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন সিসিআই-এর নিয়ম মেনে গোটা দেশের মতো বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিও পরিচালিত হবে। তিনি আরও জানান, ইন্ডাস্ট্রির সকলকে সঙ্গে নিয়েই কাজ এগোবে।
নতুন সরকার আসার পর টলিউডে কী কী পরিবর্তন হতে পারে, তা নিয়ে মুখ খোলেন রূপা গঙ্গোপাধ্যায়ও। তিনি বলেন, এখনও অনেক কাজ বাকি রয়েছে। বিশেষ করে নন্দনের স্ক্রিন এবং সাউন্ড সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উন্নতি প্রয়োজন। শুভেন্দু অধিকারী তাঁদের কিছু দায়িত্ব দিয়েছেন বলেও জানান তিনি। সবকিছু পর্যালোচনা করে রিপোর্ট জমা দেওয়া হবে বলেও জানান অভিনেত্রী।
বিশ্বাস ব্রাদার্সের জায়গায় ভবিষ্যতে কারা দায়িত্বে থাকবেন, সেই প্রশ্নে রূপা বলেন, পক্ষপাতহীন মানুষদেরই দায়িত্ব দেওয়া হবে। তিনি স্পষ্ট করেন, কোনও একজন নয়, সবাইকে নিয়ে দলগতভাবে কাজ হবে। একই সঙ্গে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে আর একতরফা সিদ্ধান্ত বা স্বৈরাচারী পরিবেশ চলবে না।
আরও পড়ুনঃ একটি পদ্ম উধাও! শেষ রক্ষা হলো না, সব বাধা পেরিয়েও কুন্তলের শয়তানির মুখে দিতি-গোরা! দুর্ধর্ষ আজকের পর্ব
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত এবং টলিউডের ব্যান কালচার নিয়েও এদিন কথা বলেন তাঁরা। রূপা জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে এবং খুব দ্রুত কাজ শুরু করার চেষ্টা চলছে। অন্যদিকে রুদ্রনীল বলেন, ভবিষ্যতে টলিউডে কোনও ব্যান কালচার থাকবে না। সবাই যাতে সমান সুযোগ পান, সেই লক্ষ্য নিয়েই কাজ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

