সমস্ত জটিলতার অবসান! অবশেষে মুক্তি পাচ্ছে ‘দি একাডেমি অফ ফাইন আর্টস’! প্রেক্ষাগৃহে নাকি ওটিটিতে?

অবশেষে শেষ হল টানাপোড়েন। দীর্ঘ জটিলতা ও নানা বাধা কাটিয়ে মুক্তির আলো দেখতে চলেছে জয়ব্রত দাস পরিচালিত ‘দি একাডেমি অফ ফাইন আর্টস’। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১৪ নভেম্বর, কিন্তু ফেডারেশনের আপত্তির কারণে শেষ মুহূর্তে থেমে যায় রিলিজ। অভিযোগ উঠেছিল—গিল্ডের অনুমতি ছাড়াই ছবিটি তৈরি হয়েছে, আর সেই কারণেই আটকে গিয়েছিল মুক্তি।
মাত্র ২৫ লক্ষ টাকার বাজেটে এসআরএফটিআই-এর ছাত্রছাত্রীদের উদ্যোগে তৈরি হওয়া এই ছবিকে ঘিরে শুরু থেকেই নানা সমস্যা দেখা দেয়। যদিও নির্মাতারা সবকিছু পরিষ্কার করে জানান, ছাত্রদের নিজস্ব উদ্যোগে তৈরি হওয়া ছবিতে পেশাদার টেকনিশিয়ান না নেওয়াই সমস্যার মূল কারণ। তবে শেষ পর্যন্ত ফেডারেশন ও প্রযোজক সংস্থার মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে সব জটিলতার। বাকি থাকা টেকনিশিয়ানদের পারিশ্রমিকও দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
নির্মাতাদের বক্তব্য অনুযায়ী, এত অল্প সময়ে নতুন পোস্টার ছাপানো সম্ভব নয়, তাই আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমেই রিলিজ ডেট ঘোষণা করা হয়েছে। আগামীকাল, ২১ নভেম্বর, সিনেমাটি প্রেক্ষাগৃহে পৌঁছতে চলেছে। খুব শীঘ্রই বুকমাইশোতে আপডেট হবে শো টাইম, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অ্যাডভান্স বুকিং।
ছবিটি সেন্সর বোর্ডের পরামর্শে প্রায় ৫৪টি পরিবর্তন করেই মুক্তির পথে এগোচ্ছিল। সবকিছু সম্পন্ন হওয়ার পরও যখন মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়, পরিচালক স্বাভাবিকভাবেই হতাশ হয়েছিলেন। তবে এই কঠিন সময়ে টলিউডের বেশ কিছু তারকা ছবিটির পাশে দাঁড়ান। ছাত্রছাত্রীদের পরিশ্রম ও আর্থিক বিনিয়োগের কথা ভেবে অভিনেতারা পারিশ্রমিক না নিয়েই কাজ করেছেন।
আরও পড়ুনঃ নায়ক বদলের গুঞ্জনে তোলপাড় ‘চিরদিনই তুমি যে আমার’! রণজয়ের সঙ্গে কিসের মিটিং সারলেন প্রযোজক?
মুক্তির ঘোষণার পর এখন কিছুটা স্বস্তি ফিরেছে টিমের মধ্যে। যদিও শেষ মুহূর্তের রিলিজ হওয়ায় ভালো শো টাইম কতটা মিলবে, তা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে পরিচালকের মনে। তবে বহু বাধা পেরিয়ে অবশেষে ছবি প্রেক্ষাগৃহে আসছে—এই আনন্দেই এখন উচ্ছ্বসিত গোটা দল।

