ভোট পরবর্তী হিংসা মামলায় গড়িয়াহাট থানায় হাজির স্বস্তিকা! অভিযুক্তদের তালিকায় রয়েছেন পরমব্রতও!

২০২১ সালের বিধানসভা ভোটের পর হওয়া হিংসার ঘটনায় নতুন করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী Swastika Mukherjee এবং অভিনেতা Parambrata Chattopadhyay। অভিযোগ, সেই সময় সমাজমাধ্যমে করা কিছু মন্তব্যের মাধ্যমে তাঁরা হিংসায় উসকানি দিয়েছিলেন। এই অভিযোগে সম্প্রতি গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
গত ২১ মে আইনজীবী জয়দীপ সেন দুই অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। সেই মামলার সূত্রেই শনিবার গড়িয়াহাট থানায় হাজিরা দেন স্বস্তিকা। জানা গিয়েছে, প্রায় এক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এই বিষয়ে অভিনেত্রীর তরফে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার সূত্রপাত ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন। অভিযোগ অনুযায়ী, ওই দিন সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন পরমব্রত। পরে সেই পোস্টে মন্তব্য করে সমর্থন জানান স্বস্তিকা। অভিযোগকারীর দাবি, ওই মন্তব্যগুলিই ভোট-পরবর্তী অশান্তির পরিবেশকে আরও উস্কে দিয়েছিল।
আইনজীবীর বক্তব্য, দুই অভিনেতার জনপ্রিয়তা এবং সমাজে প্রভাব থাকায় তাঁদের মন্তব্য অনেক মানুষকে প্রভাবিত করেছিল। অভিযোগে আরও বলা হয়েছে, সেই সময় বিজেপি কর্মীদের উপর হামলা, অগ্নিসংযোগ এবং মহিলাদের উপর অত্যাচারের ঘটনাতেও এই মন্তব্যগুলি পরোক্ষভাবে ভূমিকা রেখেছিল বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঃ ‘স্যালারি দেওয়ার টাকা ছিল না, ছেলের মুখে…’ ‘বাড়ি বিক্রি করে হলেও টাকা দিতে হতো…’ ‘আমি অপমানটা ভুলিনি!’ ক্ষমতাচ্যুত স্বরূপ বিশ্বাসকে নিয়ে বিস্ফোরক পরমব্রত চট্টোপাধ্যায়!
এই মামলায় ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী দিনে পরমব্রত চট্টোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। পুরো ঘটনার তদন্ত এখন গড়িয়াহাট থানার পুলিশ করছে।

