‘মেয়েদের ক্রিকেট খেলা উচিত নয়’- পুরনো মন্তব্যে নতুন বিতর্ক! সেদিন কি বলেছিলেন সৌরভ গাঙ্গুলী?

মেয়েদের বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ। ঠিক তখনই পুরনো এক ভিডিওকে ঘিরে নেটপাড়ায় ফের শোরগোল। ভিডিওটিতে শোনা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে, “মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই।” মুহূর্তে ভাইরাল সেই ক্লিপ, আর তাতেই ‘দাদা’ থেকে রাতারাতি ‘ভিলেন’ বানিয়ে ফেলেছেন কেউ কেউ। কিন্তু সত্যিই কি মহারাজ এমনটা বলতে চেয়েছিলেন?
আসলে ভিডিয়োটি প্রায় দশ বছর আগেকার, এবিপি আনন্দের এক অনুষ্ঠানের। সঞ্চালক প্রশ্ন করেছিলেন, “সানা যদি বলে, বাবা আমি ক্রিকেট খেলব, কী বলবে তুমি?” সৌরভের উত্তর ছিল, “আমি তাঁকে বারণ করব, কারণ মেয়েদের ক্রিকেট খেলার কোনো দরকার নেই।” কথাটুকু শোনার পরই এখন অনেকেই সমালোচনা করছেন। তবে পুরো কথোপকথনটা শুনলে বোঝা যায়, প্রসঙ্গটা ছিল বাবা-মেয়ের মজার আলাপে। তখন সানার বয়স ছিল মাত্র ১২, আর সৌরভ বলছিলেন, “ওর ইন্টারেস্ট আলাদা, নাচ শিখতে ভালোবাসে, পড়াশোনা আমার কাছে সবচেয়ে জরুরি।”
তবে সময়ের সঙ্গে সৌরভের দৃষ্টিভঙ্গি বদলেছে, সেটাই তিনি নিজে জানিয়েছেন। কয়েক বছর আগে ‘দাদাগিরি’ অনুষ্ঠানে তিনি বলেন, “সানা যখন ছোট ছিল, তখন মেয়েদের ক্রিকেটে এত সুযোগ ছিল না। এখন হলে নিশ্চয়ই ওকে ক্রিকেট খেলতে পাঠাতাম। আজ মহিলাদের ক্রিকেট অনেক এগিয়েছে, পে-স্কেলও ছেলেদের সমান।” সৌরভের নিজের স্বীকারোক্তি— “তুমি ভুল সময়ে জন্মেছ, সানা।” তাই ২০১২-১৩ সালের সেই মন্তব্যের ভিত্তিতে আজকের সৌরভকে বিচার করা কি ঠিক হবে? কারণ, এখনকার সৌরভই তো মহিলাদের ক্রিকেটের অন্যতম পৃষ্ঠপোষক। ওমেন্স প্রিমিয়ার লিগের ভাবনা বাস্তবায়নে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দিল্লি ক্যাপিটালসের মহিলা দলও তাঁর উদ্যোগেই গড়ে ওঠে।
আরও পড়ুনঃ বড়দিনে মুখোমুখি দেব-শুভশ্রী! দর্শকদের উত্তেজনার পারদ তুঙ্গে! তবে কি ফের বড় পর্দায় “দেশু”?
শেষমেশ প্রশ্নটা একটাই— এক দশক আগের কথায় কি কারও ভাবনার বিবর্তন মুছে যায়? না কি আজকের কাজকর্মই বেশি প্রমাণ করে দেয়, দাদা এখনও আগের মতোই ‘চেঞ্জমেকার’?

