আবার বড় পর্দায় ফিরছেন সৌমিত্র চট্টোপাধ্যায়!তাকে দেখার অপেক্ষায় টলিপাড়া! খবর সামনে আসতেই আবেগপ্রবণ হয়ে পড়লেন অনুরাগীরা

কিংবদন্তি নাট্যকার, অভিনেতা মনোজ মিত্রর কাহিনি অবলম্বনে বড়পর্দায় আসছে নতুন বাংলা ছবি ‘শুধু যাওয়া আসা’। মণীশ ঘোষ পরিচালিত, বজরং আগরওয়াল ও রবিউল শেখ প্রযোজিত, চ্যানেল বি এন্টারটেইনমেন্ট নিবেদিত এই ছবির শুভমুক্তি আগামী 24 মার্চ ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পাবে ছবির ট্রেলার ও মিউজিক ভিডিয়ো ।
ছবিতে মুখ্য দুই ভূমিকায় দেখা যাবে দুই কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও মনু মুখোপাধ্যায়কে । এছাড়াও অন্যান্য সব চরিত্রে অভিনয় করেছেন ভরত কল, বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, রত্না ঘোষাল, অনামিকা সাহা, টেলিভিশন খ্যাত অভিনেতা সুমন দে এবং নবাগতা প্রিয়াঙ্কার মতো অভিনেতা অভিনেত্রীরা। ছবির সংগীত পরিচালক জয় সরকার। গান গেয়েছেন লোপামুদ্রা মিত্র, শ্রীকান্ত আচার্য, রূপঙ্কর বাগচী এবং অন্বেষা দত্ত গুপ্ত (New Film Shudhu Jawa Asa)।

‘শুধু যাওয়া আসা’ ছবির বিষয়ে বলতে গিয়ে পরিচালক মণীশ ঘোষ বলেন, “আমাদের এই ছবি এক জীবনের প্রান্তে পৌঁছে যাওয়া বৃদ্ধ মানুষকে কেন্দ্র করে । এক বিশেষ কারণে তাকে তার দীর্ঘদিনের ভাড়া বাড়ি ছেড়ে চলে যেতে হবে । যদিও তিনি কোথায় যাবেন তা জানেন না কিছুই ।

তার নিজের বলতে ওই ভাড়া বাড়ির অন্যান্য ভাড়াটেরা । তার সেই চলে যাওয়ার দিন তৈরি হয় নানা ঘটনার ঘনঘটা। তার মধ্যে আসলেই কি চলে যেতে হয় তাকে? সেই গল্পই বলবে এই ছবি।”
![]()
প্রযোজক বজরং আগরওয়াল জানান, “বেশ অনেকদিন আগেই শ্যুট হলেও অতিমারি-সহ নানান কারণে মণীশের এই ছবি মুক্তি পেতে পারেনি । তবে এবার অবশেষে বড় পর্দায় আসছে ‘শুধু যাওয়া আসা’। আশা করি দর্শকদের কাছে কমেডির মোড়কে এক জীবনের পরিবেশনা করতে পারব আমরা ৷ এখন একটাই আশা আগামী 24 মার্চ থেকে দর্শকদের প্রভূত প্রশংসা পাক এই ছবি ।”

