‘টাকা ফেরত দেওয়া তো দূর, উলটে ভয় দেখান সোহম…’ ১৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে মহা বিপাকে সোহম চক্রবর্তী! প্রযোজকের মামলায় নতুন বিতর্ক টলিপাড়ায়!

অভিনেতা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)-র বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এক প্রযোজকের দাবি, সিনেমায় অভিনয়ের জন্য অগ্রিম টাকা নেওয়ার পরেও তিনি শুটিংয়ের জন্য সময় দেননি। এই ঘটনায় বালুরঘাট থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী প্রযোজকের নাম তরুণ দাস। তিনি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা। তাঁর দাবি, ২০১৮ সালে একটি ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য সোহমকে ১৫ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। সেই টাকা ব্যাঙ্কের চেকের মাধ্যমে দেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি।

প্রযোজকের অভিযোগ, টাকা নেওয়ার পরেও নিয়মিতভাবে শুটিংয়ের ডেট পিছিয়ে দিচ্ছিলেন অভিনেতা। ফলে ছবির কাজ শুরু করা সম্ভব হয়নি। এর মধ্যেই করোনা পরিস্থিতি এবং লকডাউনের কারণে প্রযোজকের আর্থিক সমস্যাও বাড়তে থাকে। পরে ছবির কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

তরুণ দাস জানিয়েছেন, পরে তিনি সোহমের সঙ্গে যোগাযোগ করে অন্তত টাকার একটি অংশ ফেরত চেয়েছিলেন। তাঁর দাবি, বিষয়টি মেটানোর কথা বলে তাঁকে কলকাতায় ডাকা হলেও টাকা ফেরত দেওয়া হয়নি। বরং তাঁকে অপমান এবং ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুনঃ তিমির-কুন্তল-পুলস্ত্য একজোট! গোরা ও দিতিকে তাড়াতে শয়তান তিমিরের কুৎসিত চক্রান্ত! দুর্ধর্ষ আজকের পর্ব

প্রযোজকের কথায়, এতদিন রাজনৈতিক পরিস্থিতির কারণে থানায় অভিযোগ জানানোর সাহস পাননি। এখন সরকার বদলের পর ন্যায়বিচারের আশায় পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত অভিনেতা সোহম চক্রবর্তীর তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

Back to top button