‘দেরি করলে সত্যিই অনেকটা দেরি হয়ে যায়’- রুক্মিণীর কথার আড়ালে কিসের ইঙ্গিত? তবে কি বছরের শুরুতেই সম্পর্কে ভাঙন?

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় একটি গভীর অনুভূতির কথা লিখে চর্চায় উঠে এলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তাঁর লেখায় ছিল ভালোবাসা, না বলা কথা আর দেরি হয়ে যাওয়ার আফসোসের সুর। স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, তবে কি ব্যক্তিগত জীবনের কোনও অভিজ্ঞতার কথা বলছেন তিনি। কিন্তু খুব দ্রুতই স্পষ্ট হয়, এই অনুভূতির উৎস আসলে তাঁর আগামী ছবি। বড় পর্দায় মুক্তি পেতে চলেছে নতুন প্রেমের গল্প ‘মন মানে না’, যার টিজার শেয়ার করেই এমন আবেগঘন বক্তব্য রেখেছেন অভিনেত্রী।
রুক্মিণী নিজেই জানিয়েছেন, এই কথাগুলি তাঁর ব্যক্তিগত অনুভূতি নয়, বরং ছবির একটি গুরুত্বপূর্ণ ডায়লগ। টিজার শেয়ার করে তিনি লেখেন, ‘মন মানে না’ নামটি শুনলেই নস্টালজিয়া কাজ করে। পুরনো স্মৃতি, মিষ্টি মুহূর্ত আর আবেগ যেন একসঙ্গে ফিরে আসে। রাহুল মুখার্জির পরিচালনায় এই নতুন প্রেমের ছবি মুক্তি পাবে আগামী ১৩ ফেব্রুয়ারি। ভালোবাসার মরশুমে আসতে চলা এই ছবির সঙ্গে তিনি নিজেও ভালোবেসে জড়িয়ে আছেন বলেই জানিয়েছেন রুক্মিণী।
এই ছবির হাত ধরেই বড় পর্দায় পা রাখতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে অভিনয় করবেন ঋত্বিক ভৌমিক। গল্পে তৃতীয় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কে। ত্রিকোণ প্রেমের এই কাহিনীতে একটি বিশেষ চরিত্রে থাকছেন রুক্মিণী মৈত্র। পাশাপাশি ক্যামিও চরিত্রে দেখা যাবে তৃণা সাহা, স্বীকৃতি মজুমদার, অঙ্গনা রায় এবং তিতিক্ষা দাসকে, যা ছবির আকর্ষণ আরও বাড়িয়েছে।
টিজার শুরুতেই শোনা যায় এক পুরুষ কণ্ঠের সতর্কবার্তা, যেখানে বলা হয় প্রেমে পড়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং এতে গভীর কষ্ট লুকিয়ে থাকে। এরপর ধীরে ধীরে ফুটে ওঠে ঋত্বিক ও হিয়ার প্রেমের গল্প, যেখানে হঠাৎই তৃতীয় মানুষ হিসেবে প্রবেশ করে সৌম্যর চরিত্র। অল্প সময়ের এই টিজারেই আবেগ, দ্বন্দ্ব আর ভালোবাসার টানাপোড়েন স্পষ্টভাবে ধরা পড়েছে, যা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
আরও পড়ুনঃ পরিচালকের এক ভুলেই বদলে গিয়েছিল পরিচয়! কিভাবে রুক্মিণী থেকে কোয়েল মল্লিক হয়ে উঠলেন রঞ্জিত কন্যা?
টিজার প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই গল্পের আবেগে মুগ্ধ হলেও কেউ কেউ ছবির নাম নিয়ে প্রশ্ন তুলেছেন। দেব ও কোয়েল অভিনীত ২০০৮ সালের জনপ্রিয় ছবির নাম আবার কেন ব্যবহার করা হল, সেই নিয়েই বিতর্ক। তবু সব আলোচনা ছাপিয়ে ভালোবাসার গল্প হিসেবে ‘মন মানে না’ যে দর্শকদের মন ছুঁতে পারে, সেই আশাতেই এখন অপেক্ষা ১৩ ফেব্রুয়ারির।

