‘আমার সোনা বউ…’- রুবেল শ্বেতার ভালোবাসায় মুগ্ধ টলিপাড়া! এই বিচ্ছেদের মরশুমে দিন দিন বেড়েই চলেছে তারকা দম্পতির প্রেম!

দেখতে দেখতে প্রায় এক বছর পূর্ণ হতে চলেছে টেলিপাড়ার জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসের দাম্পত্য জীবনের। চলতি বছরের জানুয়ারিতে বৈদিক রীতিতে সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। তার আগে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকলেও সেই ভালোবাসা নিয়ে কখনও বাড়তি চর্চা বা বিতর্কে জড়াননি এই তারকা দম্পতি। বরং শুরু থেকেই তাঁদের সম্পর্ক অনুরাগীদের কাছে ছিল অনুপ্রেরণার মতো। বিয়ের পরও সেই ভালোবাসা এতটুকু কমেনি, বরং সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে তাঁদের বন্ধন।
সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন শ্বেতা এবং রুবেল। সেখান থেকেই সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নেন শ্বেতা, যেখানে স্বামীর বাহুলগ্না হয়ে ধরা দিয়েছেন তিনি। ছবিতে শ্বেতাকে দেখা যায় গাঢ় নীল রঙের শাড়িতে, যার উপর সাদা সুতো দিয়ে কাথা স্টিচের কাজ করা। তার সঙ্গে মানানসই গোলাপি ব্লাউজ এবং ধূসর রঙের কাশ্মিরী শাল তাঁকে দিয়েছে এক অনন্য আভিজাত্য। সিঁদুর, ছোট টিপ, লাল লিপস্টিক আর হালকা মেকআপে মিষ্টি এবং স্নিগ্ধ লাগছিল নায়িকাকে।
অন্যদিকে রুবেল ছিলেন সম্পূর্ণ ভিন্ন অথচ মানানসই স্টাইলে। কালো টি শার্ট, কালো ট্রাউজার এবং ধূসর জ্যাকেটের সঙ্গে রোদ চশমায় স্মার্ট লুকে ধরা দেন তিনি। ছবিগুলিতে কখনও হাত ধরে হাঁটা, কখনও স্বামীর কাঁধে মাথা রেখে হাসি ভাগ করে নেওয়ার মুহূর্ত ধরা পড়েছে। এই ছবির সঙ্গেই শ্বেতা লেখেন এক আবেগঘন বার্তা, যেখানে তিনি রুবেলকে তাঁর প্রতিদিনের প্রিয় অংশ বলে উল্লেখ করেন এবং জানান, কীভাবে তাঁর জীবনের বিশৃঙ্খলার মধ্যেও রুবেল এনে দেন শান্তি ও উষ্ণতা।
শ্বেতার এই ভালোবাসামাখা কথায় আপ্লুত হয়ে রুবেলও পাল্টা একটি মিষ্টি বার্তা লেখেন। তিনি জানান, শ্বেতা তাঁর জীবনে আসার পর তাঁর প্রতিটি যাত্রাপথ সোনালি হয়ে উঠেছে। ভালোবাসা এবং সুখে ভরা এই সম্পর্কের জন্য তিনি নিজেকে কৃতজ্ঞ মনে করেন এবং প্রকাশ্যে জানান স্ত্রীর প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা। দুজনের এই আদানপ্রদান অনুরাগীদের মন ছুঁয়ে যায় মুহূর্তেই।
আরও পড়ুনঃ ‘বিয়েটা না করলেই ভালো হত…’- মানসীর বিস্ফোরক স্বীকারোক্তি! তবে কি দাম্পত্যে ফাটল? কি বললেন অভিনেত্রী?
উল্লেখযোগ্যভাবে, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকি এর সেটেই প্রথম আলাপ এবং ধীরে ধীরে প্রেমে পড়া শ্বেতা ও রুবেলের। সেই সম্পর্ককে তাঁরা লুকিয়ে রাখেননি কখনও। বিয়ের আগেও একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশে ছিলেন সাবলীল। গত ১৯ জানুয়ারি বৈদিক মতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়, যেখানে মহিলা পুরোহিত নন্দিনী তাঁদের বিবাহ সম্পন্ন করান। আজও তাঁদের মিষ্টি সম্পর্ক টেলিপাড়ায় ইতিবাচক উদাহরণ হয়ে রয়ে গেছে।

