‘সংসার মানেই শুধু বিয়ে আর বাচ্চা? আমি এই…’ প্রায় ৫০ ছুঁই ছুঁই রাজশ্রী ভৌমিক! কেন এখনও বিয়ে করেননি টেলিভিশনের দাপুটে অভিনেত্রী?

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ রাজশ্রী ভৌমিক (Rajshree Bhowmik) বহু বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। কেরিয়ারের শুরু হয়েছিল সিনেমা দিয়ে, পরে ধীরে ধীরে টেলিভিশনে নিজের জায়গা তৈরি করেন তিনি। বর্তমানে ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ছে। নানা ধরনের চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে তিনি অত্যন্ত স্বাধীনচেতা ও স্পষ্টভাষী মানুষ হিসেবেই পরিচিত।
ব্যক্তিগত জীবনে পঞ্চাশের কাছাকাছি বয়স হলেও এখনও বিয়ে করেননি রাজশ্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, সমাজে এখনও অনেকেই মনে করেন একটি মেয়ের জীবনের পূর্ণতা আসে বিয়ের মাধ্যমেই। কিন্তু তাঁর মতে, বিয়ে জীবনের একমাত্র লক্ষ্য নয় এবং একজন মানুষের নিজের মতো করে বাঁচার অধিকার থাকা উচিত।
রাজশ্রী বলেন, অনেকেই তাঁকে প্রশ্ন করেন কেন তিনি বিয়ে করেননি। এর উত্তরে তিনি জানান, কারও ওপর নির্ভর করে বেঁচে থাকার চেয়ে নিজের ক্ষমতায় নিজের জীবন গড়ে তোলা অনেক বেশি সম্মানের। এই সিদ্ধান্তে তিনি তাঁর মায়ের সম্পূর্ণ সমর্থন পেয়েছেন বলেও জানান অভিনেত্রী।
আরও পড়ুনঃ শিরিনের পাল্লায় পড়ে সর্বনাশের পথে টগর! কলেজের প্রথম দিনই ভয়ংকর কাণ্ড ঘটালো সে! দুর্ধর্ষ আজকের পর্ব
একাই জীবন কাটালেও তিনি নিজেকে কখনও একা মনে করেন না। তাঁর মতে, সংসার মানেই শুধু স্বামী বা সন্তান নয়। পরিবারের অন্য সদস্যদের প্রতিও দায়িত্ব থাকে। মা, দাদা, বৌদি এবং ভাইঝিকে নিয়েই তাঁর পরিবার। নিজের উপার্জনে ধীরে ধীরে স্বপ্নের বাড়ি তৈরি করাও তাঁর কাছে বড় সাফল্য।
অভিনেত্রীর কথায়, একা থাকা মানেই একাকীত্ব নয়। তিনি নিজের কাজ, পরিবার এবং ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে সুখেই আছেন। ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে নিজের মতো করে জীবন কাটানো অনেক ভালো বলেই মনে করেন তিনি।

