পরম-পিয়ার ডাকে সাড়া দিয়ে অন্নপ্রাশনে মুখ্যমন্ত্রী, নিষাদ পেল বিশেষ আশীর্বাদ ও উপহার

২২ ডিসেম্বর টালিগঞ্জ ক্লাব যেন রূপ নিয়েছিল আনন্দের এক উজ্জ্বল উৎসবে। পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর একমাত্র সন্তান নিষাদের অন্নপ্রাশন উপলক্ষে সাজানো হয়েছিল এই বিশেষ অনুষ্ঠান। ঘরোয়া হলেও আয়োজনের জৌলুসে কোনও খামতি ছিল না। পরিবারের সদস্য থেকে শুরু করে বন্ধু বান্ধব এবং ইন্ডাস্ট্রির বিশিষ্টজনদের উপস্থিতিতে ছোট্ট নিষাদকে ঘিরে ছিল আদর আর আশীর্বাদের আবহ। হাসি গান আড্ডায় ভরে উঠেছিল গোটা অনুষ্ঠানস্থল।

পরমব্রত ও পিয়ার আমন্ত্রণে ব্যস্ততার মাঝেও অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময়েই পৌঁছে যান তিনি এবং ছোট্ট নিষাদকে স্নেহভরে আশীর্বাদ করেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতি অনুষ্ঠানকে আরও বিশেষ করে তোলে। উপহার হিসেবে তিনি নিষাদের হাতে তুলে দেন বিশ্ব বাংলার একটি বিশেষ স্মারক উপহার। পাশাপাশি একাধিক প্রশাসনিক ব্যক্তিত্বের উপস্থিতিতেও অনুষ্ঠান পায় আলাদা মাত্রা।

এই দিন বাবা মা এবং খুদে নিষাদকে দেখা যায় গোলাপি রঙের পোশাকে। একই রঙে সেজে থাকা পরিবার যেন এক ফ্রেমে ধরা দিয়েছিল। অনুষ্ঠানে হাজির ছিলেন মুনমুন সেন জুন মালিয়া কাঞ্চন মল্লিক শ্রীময়ী চট্টরাজ কোয়েল মল্লিক আবির চট্টোপাধ্যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় দেব জয়া আহসান রাইমা সেন সহ বহু তারকা। প্রযোজক শ্রীকান্ত মেহতা ও রানা সরকারও উপস্থিত ছিলেন। রাজনীতির মঞ্চ থেকে অরূপ বিশ্বাস পার্থ ভৌমিক শতরূপ ঘোষের উপস্থিতিতে এক ছাদের তলায় মিলেছিল শিল্প ও রাজনৈতিক জগত।

বিয়েতে বড়সড় আয়োজন না হলেও ছেলের অন্নপ্রাশনে কোনও কিছুর ঘাটতি রাখেননি পরমব্রত পিয়া। খাওয়াদাওয়ার আয়োজন ছিল একেবারে বাঙালি ঘরানার। অতিথিদের জন্য পরিবেশিত হয় ভাত মুগের ডাল পোলাও দই মাছ মটন ফুলকপির রোস্ট নকুরের মিষ্টি সন্দেশ ও চমচম। স্বাদ আর আতিথেয়তায় মুগ্ধ অতিথিরা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উষ্ণতা আর পারিবারিক আনন্দ।

আরও পড়ুনঃ দূরে থেকেও অটুট টান! জন্মদিনে অন্বেষার জন্য মিশমির হৃদয়ছোঁয়া বার্তা

প্রসঙ্গত কিছুদিন আগেই পিয়া সামাজিক মাধ্যমে ২০২৬ সালের পরিকল্পনার কথা ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। তিনি বলেছিলেন নতুন বছরে তাঁর প্রধান লক্ষ্য এক ছোট্ট মানুষকে জীবনের প্রথম ধাপগুলো শেখানো। খেতে বসতে হামা দিতে জল খেতে আর প্রথম পা ফেলে হাঁটা থেকে শুরু করে প্রথম কথা বলা পর্যন্ত সবকিছু। সেই ভাবনার মাঝেই নতুন বছরের আগেই ছেলের অন্নপ্রাশন সারলেন তাঁরা। সাধারণ নিয়মেই নিষাদ ধীরে ধীরে সব শিখবে আর সেই পথচলাতেই মা বাবা তার জীবনের ভিত গড়ে দিতে চান ভালোবাসা আর যত্নে।

Back to top button