বিধায়ক থেকে ফের বিনোদন জগতে বিচরণ! আবারও বড়পর্দায় পাপিয়া অধিকারী! ‘নবদুর্গা মাতৃরূপেন সংস্থিতা’য় দেবী দুর্গার রূপে থাকছেন অভিনেত্রী!

অভিনয় এবং রাজনীতির ব্যস্ততার মাঝেও আবার বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী ও বিধায়ক পাপিয়া অধিকারী। কৃষ্টি ক্রিয়েশনের প্রযোজনায় এবং সত্যব্রতের পরিচালনায় তৈরি ‘নবদুর্গা মাতৃরূপেন সংস্থিতা’ ছবির বিশেষ প্রদর্শনী আগামী ২৪ জুলাই, শুক্রবার দুপুর ২টায় নন্দন ৩-এ অনুষ্ঠিত হবে। এই ছবিতে দেবী দুর্গার মহামায়া রূপে দেখা যাবে পাপিয়াকে।
ছবিতে দেবীর নবদুর্গার বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রীর সব চরিত্রেই পাপিয়া অধিকারী অভিনয় করেছেন কি না, তা এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে ছবি মুক্তির আগেই তাঁর দুর্গা রূপের প্রথম ঝলক দর্শকদের আগ্রহ অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
সঙ্গীতের দিক থেকেও ছবিটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। কুন্দন সাহা এবং শ্বেতা গুপ্তর সুরে গান গেয়েছেন অনুপ জলোটা, পণ্ডিত তুষার দত্ত, রিয়া ও নীলিমা। পাশাপাশি স্তোত্র পাঠে অংশ নিয়েছেন শুভ দাশগুপ্ত, অর্পণ কুমার শর্মা, নিবেদিতা সেন এবং বিল্লদল চট্টোপাধ্যায়, যা ছবির ধর্মীয় আবহকে আরও সমৃদ্ধ করেছে।
অভিনয়ের পাশাপাশি টলিপাড়ার সাংগঠনিক ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা নিয়েছেন পাপিয়া অধিকারী। দায়িত্ব নেওয়ার পর চলচ্চিত্র জগতের কাজের পরিবেশ উন্নত করা এবং বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে কাজ থেকে দূরে সরে যাওয়া বা সংগঠন ছেড়ে বেরিয়ে আসা পরিচালকদের আবার একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন।
আরও পড়ুনঃ ‘লজ্জায় হাত-পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল…’ একই মঞ্চে দুই সুরের নক্ষত্র! কৌশিকী চক্রবর্তীর সামনে গান গাইতে গিয়ে একটি হাল হলো ইমন চক্রবর্তীর!
সব মিলিয়ে ২৪ জুলাইয়ের বিশেষ প্রদর্শনী শুধু একটি নতুন ছবির আত্মপ্রকাশ নয়, পাপিয়া অধিকারীর অভিনয় জীবনের নতুন অধ্যায়েরও সূচনা হতে চলেছে। একই সঙ্গে টলিপাড়ার অনেকের আশা, আগামী দিনে আরও ইতিবাচক পরিবেশে বাংলা চলচ্চিত্র শিল্প এগিয়ে যাবে।

