‘একসাথে থেকেও এক হয়ে থাকা হলো না…’ প্রিয়াঙ্কার সঙ্গে কেন এক ছাদের নিচে থাকা হলো না রাহুল বন্দ্যোপাধ্যায়ের? প্রকাশ্যে স্ত্রীকে নিয়ে অভিনেতার জীবনের শেষ স্বীকারোক্তি!

টলিউড (Tollywood) অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত। তাঁর অভিনয় দক্ষতা এবং স্পষ্টবাদিতা সব সময়ই অনুরাগীমহলে চর্চার বিষয় ছিল। সম্প্রতি একটি চ্যানেলের একটি পডকাস্টে দেওয়া তাঁর একটি পুরনো সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ এবং কেন তাঁরা শেষ পর্যন্ত এক ছাদের নিচে পাকাপাকিভাবে থাকতে পারেননি, সেই বিষয়ে অত্যন্ত খোলামেলা আলোচনা করেছিলেন।

সেই সাক্ষাৎকারে রাহুল জানিয়েছিলেন যে, দীর্ঘ বিচ্ছেদ আর আইনি লড়াইয়ের পর তাঁরা মানসিকভাবে কাছাকাছি এলেও বাস্তবে এক বাড়িতে থাকাটা তাঁদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। অভিনেতা ব্যাখ্যা করেছিলেন যে, তাঁর মূল শিকড় ছিল বিজয়গড়ে, যেখানে তাঁর মা থাকতেন। অন্যদিকে, প্রিয়াঙ্কা থাকতেন তাঁর বাবা-মায়ের সঙ্গে। দুই পরিবারের দীর্ঘদিনের জীবনযাত্রার যে ভিন্নতা, তাকে এক জায়গায় মেলাতে গিয়ে কোনো নতুন অশান্তি হোক, তা রাহুল একেবারেই চাননি। তাই তাঁরা নিজেদের মতো করে এক অদ্ভুত সুন্দর ভারসাম্য বজায় রেখে চলতেন।

রাহুল অত্যন্ত সংবেদনশীলভাবে উল্লেখ করেছিলেন যে, প্রিয়াঙ্কার বাবা-মা এবং তাঁর নিজের মা—উভয় পক্ষই জীবনের প্রায় ৭০ বছর পার করেছিলেন নিজস্ব খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলে। অভিনেতা মনে করতেন, এই বয়সে এসে প্রিয়াঙ্কার বাবা-মায়ের ওপর তাঁর মায়ের অভ্যাস বা তাঁর মায়ের ওপর প্রিয়াঙ্কার বাবা-মায়ের জীবনধারা চাপিয়ে দেওয়াটা এক ধরণের ‘অত্যাচার’ ছাড়া আর কিছু নয়। বড়দের মানসিক শান্তি এবং স্বাচ্ছন্দ্য বজায় রাখাকেই তিনি জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার দিয়েছিলেন, যা তাঁর মানবিক সত্তারই পরিচয় দেয়।

নিজেদের সম্পর্কের গভীরতা বজায় রাখতে রাহুল এক অভিনব পন্থার কথা শুনিয়েছিলেন। তিনি সপ্তাহে অন্তত তিন দিন প্রিয়াঙ্কার বাড়িতে গিয়ে কাটাতেন, আবার প্রিয়াঙ্কাও তাঁর কাছে আসতেন। এই যাতায়াতের মাধ্যমেই তাঁরা একে অপরের অভাব পূরণ করতেন। কোনো সামাজিক গতে বাঁধা নিয়মের চেয়েও নিজেদের এবং পরিবারের সদস্যদের মানসিক প্রশান্তিকেই অভিনেতা বেশি গুরুত্ব দিয়েছিলেন। আজ তাঁর চলে যাওয়ার পর সেই কথাগুলো অনুরাগীদের মনে আরও বেশি করে দাগ কাটছে।

আরও পড়ুনঃ ‘আমি ব্যবসা করতে চাই না, যারা কাছের মানুষ তারা কোনদিনও…’ রাহুল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পোস্ট করা ব্যক্তিরা মৃ’ত অভিনেতাকে নিয়ে ব্যবসা করছেন? বিস্ফোরক অভিনেত্রী অনন্যা গুহ!

সাক্ষাৎকারের শেষে রাহুল তাঁর অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে এক সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, আগে জোর করে ‘অ্যাডজাস্ট’ করতে গিয়েই তাঁদের সম্পর্ক ডিভোর্স পর্যন্ত গড়িয়েছিল। তাই দ্বিতীয় সুযোগে তিনি আর কোনো ঝুঁকি নিতে চাননি। অভিনেতা বিশ্বাস করতেন, একে অপরের ব্যক্তিগত স্পেসকে সম্মান জানিয়েই সম্পর্কে স্থায়িত্ব আনা সম্ভব। আজ রাহুলের সেই শান্ত ও পরিপক্ক চিন্তাভাবনা তাঁর অগণিত ভক্তদের কাছে এক মূল্যবান স্মৃতি হিসেবে রয়ে গেল।

Back to top button