‘অ্যাডজাস্ট না হলে আলাদা হওয়া নয়, ধৈর্যই আসল!’- সম্পর্ক ভাঙার হিড়িকে তিরস্কার মমতার! জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার স্বপক্ষে অভিনেত্রী!

আজকাল দাম্পত্যে অশান্তি দেখা দিলেই অনেকেই বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন। সম্পর্ক ভাঙাগড়ার এই বদলে যাওয়া মানসিকতা নিয়ে স্পষ্ট মত জানালেন পদ্মশ্রী মমতা শঙ্কর। আজকাল ডট ইন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সামান্য সমস্যায় আলাদা হওয়া কোনও সমাধান নয়। তাঁর মতে, সম্পর্ক মানেই দু’পক্ষের আলাদা স্বভাব, আলাদা বেড়ে ওঠা—তাতে পুরোপুরি মিল না থাকাই স্বাভাবিক।
মমতা বলেন, এক বাড়িতে বড় হওয়া ভাইবোনের সব কিছু মেলে না, তাহলে আলাদা বাড়িতে বড় হওয়া স্বামী-স্ত্রীর সব ক্ষেত্রে মিলবে—এমন ভাবনা অবাস্তব। তবে তিনি স্পষ্ট করে দেন, যদি সম্পর্কে শারীরিক বা মানসিক নির্যাতন থাকে, তবে সেখানে থাকা উচিত নয়। কারণ এমন পরিবেশ সন্তানের উপরও গভীর প্রভাব ফেলে। কিন্তু সাধারণ মানিয়ে নেওয়ার ব্যাপারে ধৈর্য রাখাই জরুরি বলেই মত তাঁর।
অভিনেত্রীর মতে, আজকের দিনে ধৈর্যের বড় অভাব। লোকজনের কথায় না গিয়ে, পরিস্থিতি বোঝার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলা হচ্ছে। তিনি জানান, সন্তানদের কথা ভেবে, দু’জনের সমঝোতায় থাকা উচিত। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের অনেক কঠিন দিকই নরম হয়ে যায়। অল্প বয়সে অনেকেই নিজেকে স্বাধীন ভাবে ভাবেন, কিন্তু বয়স বাড়লে দু’জনেই একে অপরের উপর নির্ভর করতে শুরু করেন।
ব্যক্তিগত জীবন নিয়েও অকপট ছিলেন মমতা শঙ্কর। তিনি জানান, তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে আজও সুসম্পর্ক রয়েছে। শুধু তিনিই নন, তাঁর বর্তমান পরিবার—স্বামী ও সন্তানদের সঙ্গেও প্রাক্তনের সুস্থ সম্পর্ক বজায় রয়েছে। এই সম্পর্ককে তিনি পারস্পরিক সম্মান এবং মানসিক পরিপক্বতার উদাহরণ হিসেবেই দেখেন।
আরও পড়ুনঃ আট বছরের অন্ধকার জীবন পেরিয়ে অবশেষে আলোর পথে! মা’দক ছাড়তে বহু বছরের লড়াই! এবার এক অন্য রূপে হানি সিং!
এ দিন মুক্তি পেয়েছে মমতা শঙ্কর অভিনীত ছবি ‘দেরি হয়ে গেছে’। ছবির প্রযোজনায় রয়েছেন সপ্তর্ষি সেন, ডক্টর উদয় মোদী এবং শুভদীপ (পিকে)। গল্পের ভাবনা সপ্তর্ষি সেন ও অপলা চৌধুরীর। সংলাপ লিখেছেন অর্ণব ভৌমিক এবং এম রানা, আর পরিচালনা করেছেন সপ্তাশ্ব বসু। ছবিতে মমতা শঙ্করের সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন অঞ্জন দত্ত।

