১২ বছর পর বড়পর্দায় হারিয়ে যাওয়া জুটির প্রত্যাবর্তন! দর্শকদের মাঝে ফিরতে চলেছে শুভশ্রী-অঙ্কুশের জনপ্রিয় জুটি!

টলিউডে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, আবার একসঙ্গে ফিরতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। দীর্ঘদিন পর তাঁদের একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা। শেষবার তাঁদের দেখা গিয়েছিল আমি শুধু চেয়েছি তোমায় ছবিতে, তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। এবার সেই জল্পনায় নতুন করে ইন্ধন দিল একেবারে সদ্য প্রকাশ্যে আসা পোস্টার। নতুন ছবির নাম লক্ষ্মী এল ঘরে। তবে পোস্টারে পরিচালকের নাম না থাকায় প্রশ্ন উঠছে, সত্যিই কি এই ছবির দায়িত্বে রয়েছেন রাজ চক্রবর্তী, নাকি অন্য কোনও চমক লুকিয়ে আছে নির্মাতাদের ঝুলিতে।
টলিউড অনলাইনের তরফে শেয়ার করা পোস্টারটি ইতিমধ্যেই নজর কেড়েছে নেটমাধ্যমে। পোস্টারের পটভূমিতে ফুটে উঠেছে একেবারে গ্রামবাংলার ছবি। শুভশ্রীকে দেখা গিয়েছে একদম সাধারণ সাজে। পরনে বুটি দেওয়া শাড়ি, গায়ে হালকা সোয়েটার, কানে ছোট কানের দুল, পায়ে হাওয়াই চটি আর কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগ। মুখে মেকআপের ছোঁয়া প্রায় নেই বললেই চলে। চুল খোঁপা করে বাঁধা। গোটা লুকেই ধরা দিয়েছে একেবারে আটপৌরে এক গ্রামের মেয়ের ছাপ, যা দেখে অনেকেই বলছেন, চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে ফেলতেই বরাবরের মতো প্রস্তুত শুভশ্রী।
অন্যদিকে অঙ্কুশ হাজরাকেও দেখা গিয়েছে একইরকম সাদামাটা পোশাকে। তাঁর পরনে ফুলহাতা চেক শার্ট, তার উপর হাফ হাতা সোয়েটার ও নীল জিন্স। পিঠে ঝোলানো ব্যাগ আর মুখে চিন্তার ছাপ, যেন জীবনের কোনও কঠিন লড়াইয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছেন চরিত্রটি। পোস্টারে দুজনের মুখেই এক ধরনের দুশ্চিন্তা ও অনিশ্চয়তার ছায়া স্পষ্ট। পোস্টারের উপরে বড় করে লেখা লক্ষ্মী এল ঘরে, আর নামের দুপাশে আঁকা রয়েছে দেবী লক্ষ্মীর পায়ের ছাপ, যা ছবির সামাজিক ও ভাবনামূলক ইঙ্গিতকে আরও জোরালো করছে।
কিছুদিন আগেই শোনা গিয়েছিল, রাজ চক্রবর্তীর পরিচালনায় একটি বিশেষ ধাঁচের ছবি আসতে চলেছে, যার দৈর্ঘ্য হতে পারে প্রায় এক ঘণ্টার মতো। সেই ছবিতে বাংলার লক্ষ্মীশ্রী, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্প সমাজে কী প্রভাব ফেলছে, তার প্রতিফলন থাকবে বলেও গুঞ্জন ছিল। যদিও লক্ষ্মী এল ঘরে ছবিটি সেই ভাবনার সঙ্গে যুক্ত কি না, তা এখনও স্পষ্ট নয়। নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা না আসায় কৌতূহল আরও বেড়েছে দর্শকদের মধ্যে।
আরও পড়ুনঃ ওই আমার বস ওই আমার ম্যানেজার…তবেই সংসারে শান্তি বজায় থাকবে’ সংসার থেকে কর্মক্ষেত্র সব জায়গাতেই পাশে রয়েছেন স্বামী! কিভাবে সংসারের শান্তি বজায় রাখেন গায়িকা পৌষালী?
যদি শেষ পর্যন্ত এই ছবির পরিচালনার দায়িত্ব রাজ চক্রবর্তীর হাতেই থাকে, তাহলে এক ঢিলে একাধিক পাখি মারতে চলেছেন তিনি। দীর্ঘদিন পর ফিরবে শুভশ্রী অঙ্কুশের জুটি, পাশাপাশি আবার একসঙ্গে কাজ করবেন রাজ ও অঙ্কুশ। এর আগে কানামাছি, বলো দুগ্গা মাঈকী ছবিতে এই জুটি দর্শকদের মন ছুঁয়েছিল। ফলে লক্ষ্মী এল ঘরে ঘিরে প্রত্যাশা এখন আকাশছোঁয়া। দর্শকরা আপাতত তাকিয়ে অফিসিয়াল ঘোষণার দিকেই।

