মিতিন মাসির অ্যাকশন অবতারে কোয়েল, মায়ের মারকাটারি রূপ দেখে কী বলল ছোট্ট কবীর

বড় পর্দায় ফের ধামাকা নিয়ে ফিরছেন কোয়েল মল্লিক। বড়দিনের ছুটিতে মুক্তি পেতে চলেছে মিতিন মাসি সিরিজের নতুন ছবি মিতিন একটি খুনির সন্ধানে। এবার শুধু রহস্য নয়, দর্শক দেখতে পাবেন একেবারে অ্যাকশন মুডে থাকা মিতিন মাসিকে। তদন্তের সঙ্গে সঙ্গে দুষ্টু লোকদের বিরুদ্ধে সরাসরি রুখে দাঁড়ানো এই চরিত্রে কোয়েলকে আগে কখনও এতটা মারকাটারি রূপে দেখা যায়নি। তাই ছবির ঝলক প্রকাশ্যে আসতেই উত্তেজনা বেড়েছে দর্শকমহলে।
তবে বড় পর্দার এই অ্যাকশন মাম্মাকে ঘরে বসে দেখেছে আর এক ছোট্ট দর্শক। সে হল কোয়েল পুত্র কবীর। ২০২০ সালের মে মাসে জন্ম কবীরের। এখন তার বয়স সাড়ে পাঁচ বছরের কাছাকাছি। স্বাভাবিক ভাবেই মায়ের ফোনে মারামারির আওয়াজ শুনে কৌতূহলী হয়ে ওঠে সে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েল নিজেই জানিয়েছেন, ফোনে একটি অ্যাকশন দৃশ্য দেখার সময় কবীর পাশে এসে প্রশ্ন করে বসে মাম্মা কী দেখছ। প্রথমে বিষয়টা এড়িয়ে গেলেও ছেলেকে আর আটকানো যায়নি।
একটু উঁকি মেরেই কবীর বুঝে ফেলে পর্দার সেই মানুষটা তার মাম্মাই। তখনই অবাক হয়ে সে জানতে চায় মাম্মা তুমি কী করছ অ্যাকশন করছ। কোয়েল ছেলেকে বুঝিয়ে বলেন এটা সিনেমা এখানে দুষ্টু লোকদের মারছি কিন্তু সবটাই অভিনয়। বাস্তবে এমন কিছু নয়। কোয়েলের কথায়, এই বিষয়টা ওকে বারবার আলাদা করে বোঝাতে হয়। কারণ তিনি সবসময় কবীরকে শেখান কখনও হাত চালানো বা মারধর করা ঠিক নয়।
কোয়েল আরও বলেন, মা যদি নিজেই পর্দায় মারপিট করে তাহলে সন্তানের মনে ভুল ধারণা তৈরি হতে পারে। তাই তিনি খুব সচেতনভাবে কবীরকে বোঝান যে সিনেমা আর বাস্তব এক নয়। এগুলো শুধু গল্পের অংশ। মজার বিষয় হল কবীর এই ব্যাখ্যা মন দিয়েই শোনে এবং তারপর আবার আগের মতোই মায়ের পাশে বসে থাকে। এদিকে কোয়েলের কোল আলো করে এসেছে আরও এক নতুন সদস্য। ২০২৪ সালে দ্বিতীয়বার মা হয়েছেন তিনি। কন্যা কাব্যা এই ডিসেম্বরেই এক বছরে পা দেবে।
আরও পড়ুনঃ বিয়ে মানেই আলাদা সংসার, কিন্তু দূরত্ব নয়, সন্তানদের এই শিক্ষাই দিয়েছিলেন মিঠু চক্রবর্তী, জানালেন বড় ছেলে গৌরব
প্রয়াত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে তৈরি এই ছবিটি মিতিন মাসি সিরিজের তৃতীয় কিস্তি। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় ছবিতে রয়েছে টানটান রহস্যের পাশাপাশি জমজমাট অ্যাকশন। শুটিং চলাকালীন চোটও পান কোয়েল। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। একই দিনে আরও দুটি বড় ছবির সঙ্গে বক্স অফিসে মুখোমুখি লড়াই হবে মিতিন মাসির। রহস্য আর অ্যাকশনের মেলবন্ধনে দর্শক কতটা মুগ্ধ হন সেটাই এখন দেখার।

