প্রথমবার একফ্রেমে কৌশিক গাঙ্গুলি ও কেকে মেনন! ভৌতিক ছবিতে এক হচ্ছে টলিউড-বলিউড! থাকছে নতুন চমক!

টলিউড ও বলিউডের মেলবন্ধনে আসতে চলেছে এক চমকপ্রদ ভৌতিক থ্রিলার। এই ছবির হাত ধরেই প্রথমবার একফ্রেমে দেখা যাবে কৌশিক গাঙ্গুলি ও কেকে মেননকে। দুই ইন্ডাস্ট্রির দুই শক্তিশালী অভিনেতাকে একসঙ্গে দেখার উত্তেজনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দর্শকমহলে। ভৌতিক ঘটনার আবহে তৈরি এই ছবিতে শুধু ভয় নয়, থাকবে টানটান রহস্য আর মনস্তাত্ত্বিক উত্তেজনাও। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দেবাশিস রায়, যাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে।
এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন শীর্ষ রায়। সিনেমাটোগ্রাফার হিসেবে যাঁর কাজ বহুদিন ধরেই প্রশংসিত, সেই শীর্ষ এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, তাঁর প্রথম পরিচালিত ছবিই হিন্দি ভাষায় তৈরি হচ্ছে। ইতিমধ্যেই মুম্বইয়ে ছবির শুটিং পর্ব সম্পন্ন হয়েছে। যদিও এখনও পর্যন্ত ছবির নাম চূড়ান্ত করা হয়নি, তবু জানা যাচ্ছে আগামী বছরেই বড়পর্দায় মুক্তি পাবে এই ভৌতিক থ্রিলার।
সূত্রের খবর, ছবির গল্পের মূল উপজীব্য এক অদ্ভুত ভৌতিক ঘটনা। সেই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়বে একের পর এক রহস্য, যার পর্দাফাঁস হবে গল্পের গভীরে পৌঁছনোর সঙ্গে সঙ্গে। ভূতের উপদ্রব যেমন থাকবে, তেমনই দর্শককে চমকে দেওয়ার মতো নাটকীয় মোড়ও দেখা যাবে। ছবিতে আরও একাধিক বলিউড তারকার উপস্থিতির সম্ভাবনাও রয়েছে। যদিও এই মুহূর্তে ছবিটি নিয়ে প্রকাশ্যে বিশেষ মন্তব্য করতে রাজি নন কলাকুশলীরা।
এই ছবির হাত ধরেই প্রথমবার বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চলেছেন কেকে মেনন। অন্যদিকে কৌশিক গাঙ্গুলিকেও দর্শক দেখবেন একেবারে ভিন্ন চরিত্রে, যা তাঁর অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করবে। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা দেবাশিস রায়কে সম্প্রতি দেখা গিয়েছে রাপ্পা রায় ও ফুলস্টপ ডটকম ছবিতে। সেখানে টনি চরিত্রে তাঁর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুনঃ সুচন্দ্রার সমকামী বিবাহ ঘিরে তুঙ্গে চর্চা! দুই ভাগে বিভক্ত তারকাদের মতামত! অভিনেত্রীর পাশে আছেন কারা? কে বা কারা হয়ে উঠলেন সমালোচনার প্রধান মুখ?
আগামী দিনে দেবাশিসকে দেখা যাবে জিৎ চক্রবর্তীর পরিচালনায় বাবা ছবিতে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়। বাবা ও সন্তানের আবেগঘন সম্পর্কের গল্প বলবে সেই ছবি। পাশাপাশি, এই প্রথমবার খল চরিত্রে দেখা যেতে চলেছে দেবরাজ ভট্টাচার্যকে এবং তাঁর সঙ্গী হিসেবে থাকবেন দেবাশিস। সব মিলিয়ে আগামী বছর দর্শকের জন্য অপেক্ষা করছে একের পর এক নতুন ছবি ও অভিনব চমক, যার শুরুটা হতে চলেছে এই বহু প্রতীক্ষিত ভৌতিক থ্রিলার দিয়ে।

