‘আমি সময় দিতে পারিনি, ওদের মা ওদেরকে মানুষ করেছে…’ ‘রাগ অভিমান কিছুই হয় না ওদের উপর…’ ‘দুজনেই আমার কাছে…’ নিজের দুই সন্তানকে নিয়ে কি বললেন অভিনেতা যিশু সেনগুপ্ত?

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) এবং নীলাঞ্জনার বৈবাহিক জীবনের টানাপোড়েন ও বিচ্ছেদ নিয়ে গত কয়েক মাসে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিনোদন দুনিয়ায় কম জলঘোলা হয়নি। দীর্ঘদিনের সুখী দাম্পত্যে হঠাৎ এই ভাঙন অনুরাগীদের বেশ চমকে দিয়েছিল। এই পুরো বিতর্ক ও গুঞ্জনের মাঝেই যীশু সেনগুপ্তের একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে দুই মেয়ের বড় হয়ে ওঠার পেছনে নীলাঞ্জনার অবদান নিয়ে অভিনেতাকে অকপট প্রশংসা করতে দেখা যাচ্ছে।

বিচ্ছেদ ও ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জনের মাঝে ভাইরাল হওয়া এই ভিডিওতে যীশু সেনগুপ্তকে তাঁর পিতৃত্ব এবং দুই কন্যাসন্তান সারা ও ওনীয়াকে নিয়ে কথা বলতে শোনা যায়। দুই মেয়েকে চমৎকার মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে সমস্ত অবদান যে তাঁর প্রাক্তন স্ত্রীর, তা যীশু অত্যন্ত স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন। সাক্ষাৎকারে যীশু বলেন, “আমার দুই মেয়ে দারুণ মানুষ হয়েছে, তার পুরো কৃতিত্বই আমি নীলাঞ্জনাকে দেব। কারণ আমি অর্ধেক সময় কাজে ব্যস্ত থাকতাম, এখনো আছি।”

ব্যস্ততার কারণে মেয়েদের পর্যাপ্ত সময় দিতে না পারলেও, বাবা হিসেবে যীশুর মনে কোনো আক্ষেপ বা ক্ষোভ নেই। নিজের পারিবারিক শিক্ষার কথা মনে করিয়ে দিয়ে অভিনেতা বলেন, “আমার মা-বাবা আমাকে শিখিয়েছেন যে জীবনে আর কিছু করো না করো, ভালো মানুষ হও। সত্যি, ভালো মানুষ হওয়ার একটা আলাদা পাওনা আছে। আমার মনে হয় ওরা দুজনেই খুব ভালো। সেটা তো অন্য লোকেরা বলবে, কিন্তু তার কৃতিত্ব আমি নীলাঞ্জনাকেই দেব, কারণ ও-ই মেইনলি মানুষ করেছে ওদের।”

কাজের জন্য বছরের বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকলেও মেয়েদের সঙ্গে তাঁর সম্পর্কের গভীরতা যে কতটা নিবিড়, তা-ও এই সাক্ষাৎকারে বুঝিয়ে দিয়েছেন যীশু। বাবা ও মেয়ের এই চিরন্তন সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ওদের ওপর রাগ-অভিমান কিছুই হয় না। ওটা একটা সম্পর্কের আলাদা জায়গা, মনের মধ্যে এমন একটা জায়গা যেখানে কিছুই পৌঁছাবে না না রাগ পৌঁছাবে, না অভিমান পৌঁছাবে, না দুঃখ পৌঁছাবে। ওরা জীবনে যাই করুক, সেখানে শুধু ভালোবাসা থাকবে।”

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে অতর্কিতে হানা! বস্তাবন্দী হয়ে পারুলের ডেরায় শিরিনের বিশেষ বন্ধু! কোন বড় বিপদে পড়তে চলেছে পারুল-রায়ান?

ভিডিওর শেষ অংশে অভিনেতা জানান, মেয়েদের প্রতি কোনো পরিস্থিতিতেই তাঁর মনে ক্ষোভ তৈরি হওয়া অসম্ভব। তবে বাবা হিসেবে তাঁদের সুরক্ষার কথা চিন্তা করে তিনি বলেন, “যদি ওরা গিয়ে এমন একটি কাজ করে যেখানে ওরা খারাপ আছে বা ভালো নেই, সেইখানে গিয়ে তখন হয়তো রাগ হতে পারে, অভিমান হতে পারে সেই সিচুয়েশনটার ওপর, কিন্তু ওদের ওপর কোনোদিন রাগ হবে না।” টালমাটাল ব্যক্তিগত সম্পর্কের আবহে যীশুর মুখে নীলাঞ্জনার এই প্রশংসা ও মেয়েদের প্রতি ভালোবাসা বর্তমানে নেটিজেনদের মধ্যে বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে।

Back to top button