‘অনেক হয়েছে আর সহ্য করব না…’ ‘এমন অভদ্র অসভ্য ব্যবহার, তেড়ে আসছে আমার দিকে…’ ইমপা অফিসে চরম উত্তেজনা! বৈঠকের আগেই বচসা! অপমানের অভিযোগ তুলে আইনি পথে পথে পিয়া সেনগুপ্ত!

টলিপাড়ার প্রযোজকদের সংগঠন Eastern India Motion Pictures Association বা ইমপা-র অফিসে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল। গত কয়েক দিন ধরেই সভাপতি পিয়া সেনগুপ্ত এবং প্রযোজকদের একাংশের মধ্যে একাধিক বৈঠক চলছিল। ২২ মে সমস্ত সদস্যদের নিয়ে সাধারণ সভার ডাক দেওয়া হয়েছিল। কিন্তু বৈঠক শুরুর আগেই অফিস চত্বরে শুরু হয় তুমুল বচসা ও উত্তেজনা।

ইমপা সভাপতি Piya Sengupta অভিযোগ করেন, সংগঠনের সদস্য নন এমন কয়েক জনও এ দিনের বৈঠকে হাজির হয়েছিলেন। তাঁর দাবি, কিছু ব্যক্তি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ভয় দেখানোর চেষ্টা করেন। পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, এই ঘটনায় তিনি প্রশাসনের দ্বারস্থ হবেন। অভিযোগের তালিকায় পরিচালক Atanu Bose-র নামও উল্লেখ করেছেন তিনি।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই ইমপা-র ভিতরে অশান্তি বাড়তে থাকে। প্রযোজকদের একাংশ দীর্ঘদিন ধরেই পিয়া সেনগুপ্তর পদত্যাগ দাবি করে আসছেন। তাঁদের অভিযোগ, সংগঠনটি রাজনৈতিক প্রভাবের অধীনে চলে গিয়েছিল। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক শতদীপ সাহা, রতন সাহা, মিলন ভৌমিক, কৃষ্ণ দাগা-সহ আরও অনেকে।

অন্যদিকে, বিরোধী পক্ষের প্রযোজকদের বক্তব্য, তাঁরা শুধুমাত্র বৈঠক সুষ্ঠুভাবে করতে চেয়েছিলেন। তবে পিয়া সেনগুপ্তর দাবি, তাঁকে বারবার অপমান করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ দিনের সভায় জিৎ-এর প্রযোজনা সংস্থার প্রতিনিধি গোপাল মদনানি, অভিনেত্রী এনা সাহা এবং আরও কয়েক জন পরিচিত প্রযোজকও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ পুরী গিয়ে মিষ্টির দোকানে চরম বিভ্রান্তি! ভ্লগ করতে গিয়ে ক্যামেরার সামনেই অশান্তি শুরু রাজা মধুবনীর!

ইমপা-কে ঘিরে এই টানাপোড়েন এখন টলিপাড়ায় বড় চর্চার বিষয় হয়ে উঠেছে। পিয়া সেনগুপ্তর বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং প্রাক্তন ফেডারেশন কর্তা স্বরূপ বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও উঠেছে আগেই। যদিও সেই সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। টানা অশান্তির মাঝে প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত ইমপা-র নেতৃত্বের ভবিষ্যৎ ঠিক করতে কি প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন হবে?

Back to top button