এক যুগ পর আবার ব্যোমকেশ রূপে গৌরব! অজিত হয়ে ফিরছেন অর্ণ! সত্যবতী চরিত্রে থাকছেন কোন অভিনেত্রী?

নতুন বছরের শুরুতেই রহস্যপ্রেমীদের জন্য এল বড় সুখবর। এক যুগ পর আবার ব্যোমকেশ বক্সী হয়ে পর্দায় ফিরছেন গৌরব চক্রবর্তী। ২০২৬ সালে ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে মুক্তি পেতে চলেছে নতুন সিরিজ ব্যোমকেশ বক্সী। পরিচালনায় অরিত্র সেন। বছরের প্রথম দিনেই প্রকাশ্যে এসেছে সিরিজের মোশন পোস্টার, যা ইতিমধ্যেই দর্শকের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
প্রায় বারো বছর আগে টেলিভিশনের পর্দায় ব্যোমকেশ হয়ে দর্শকের মন জয় করেছিলেন গৌরব। সময়ের সঙ্গে বয়স ও অভিজ্ঞতা বেড়েছে, আর সেই পরিণত ভাব নিয়েই এবার ওটিটির পর্দায় ফিরছেন তিনি। শহরের রাস্তায় সিগারেট ঠোঁটে রহস্যময় ব্যোমকেশের ঝলক দেখে অনেকেই নস্টালজিক হয়ে পড়েছেন। পরিচিত চরিত্রে এত বছর পর ফেরা যে সহজ নয়, তা নিজেই স্বীকার করেছেন অভিনেতা।
গৌরব জানিয়েছেন, এতজন জনপ্রিয় অভিনেতা এই চরিত্রে অভিনয় করার পর আবার ব্যোমকেশ হওয়া তাঁর কাছে সাহসের পরীক্ষা। দর্শক তাঁকে গ্রহণ করবেন কি না, সেই চিন্তাও ছিল। তবে পরিচালক অরিত্র সেনের ভাবনা ও চরিত্র ব্যাখ্যা তাঁকে নতুন করে অনুপ্রাণিত করেছে। বয়সের সঙ্গে চরিত্রের মানানসই রূপই তাঁকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে বলে মত তাঁর।
সূত্রের খবর অনুযায়ী, এই সিরিজে অজিতের ভূমিকায় দেখা যাবে অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়কেও। আর সত্যবতী চরিত্রে টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্রুতি দাসকে দেখা যেতে চলেছে। চিত্রনাট্য এখনো পরিমার্জনের পর্যায়ে রয়েছে। চলতি বছরেই শুটিং শুরু হওয়ার কথা এবং বছরের মাঝামাঝি সময়ে মুক্তির পরিকল্পনা রয়েছে আড্ডা টাইমসে।
আরও পড়ুনঃ হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফের এগিয়ে স্টার জলসা! ছিটকে গেল পরিণীতা! দেখে নিন এই সপ্তাহে টিআরপি তালিকা!
এর আগে বড়পর্দা ও ওটিটিতে দেব, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতারা ব্যোমকেশ হয়ে দর্শকের সামনে এসেছেন। তবে টেলিভিশনের গৌরব ব্যোমকেশ আজও অনেকের স্মৃতিতে আলাদা জায়গা করে আছে। এবার নতুন ছন্দে, নতুন রহস্য নিয়ে তাঁর প্রত্যাবর্তন যে দর্শকের প্রত্যাশা আরও বাড়িয়ে দিচ্ছে, তা বলাই বাহুল্য।

