আবারও রান্নাঘরে ফিরতে চলেছেন সুদীপা চ্যাটার্জী! তবে কি সরে যাচ্ছেন কনীনিকা বন্দোপাধ্যায়?

টেলিভিশনের পর্দায় (Bengali Television) দুপুর গড়ালেই বাঙালির ড্রয়িংরুমে এক সময় যার অবাধ বিচরণ ছিল, তিনি আর কেউ নন টলিউডের জনপ্রিয় মুখ এবং সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee)। দীর্ঘ কয়েক বছর ধরে অগণিত মানুষের বিকালের সঙ্গী ছিলেন তিনি। তবে বেশ কিছুদিন হলো লাইট-ক্যামেরা-অ্যাকশনের সেই চেনা জগত থেকে নিজেকে কিছুটা দূরে রেখেছিলেন। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। প্রিয় সঞ্চালিকাকে আবারও পুরনো মেজাজে দেখে ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন তবে কি আবার সেই চিরচেনা রুপে ফিরছেন তিনি?
ব্যক্তিগত জীবনে সুদীপা চ্যাটার্জী বরাবরই ছকভাঙা। অভিনয়ের আঙিনা থেকে সঞ্চালনার দুনিয়ায় পা রেখে তিনি নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। পরিচালক অগ্নিদেব চ্যাটার্জীর সঙ্গে ঘরোয়া জীবনের পাশাপাশি নিজের শাড়ির ব্যবসা এবং ফুড চেইন নিয়েও ব্যস্ত থাকেন তিনি। একজন সফল উদ্যোক্তা এবং স্নেহময়ী মা হিসেবে তার ভূমিকা সর্বজনবিদিত। তবে হাজারো ব্যস্ততার মাঝেও তার সেই সাবলীল কথা বলার ভঙ্গি এবং রান্নার প্রতি নিখুঁত ভালোবাসা আজও মানুষকে মুগ্ধ করে। বিরতির এই লম্বা সময়টাতে অনুরাগীরা প্রতি মূহুর্তে তাকে মিস করেছেন ছোটপর্দায়।
বাঙালির আবেগের কথা বললে জি বাংলার সেই জনপ্রিয় শো ‘রান্নাঘর’-এর কথা আসবেই। সুদীপা এবং রান্নাঘর যেন ছিল একে অপরের পরিপূরক। প্রায় দীর্ঘ আঠারো বছর ধরে চলা এই শো’টি ছিল দীর্ঘতম রান্নার অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। সুদীপার উপস্থাপনা করার কৌশল, দেশ-বিদেশের বিভিন্ন রেসিপি দর্শকদের সামনে সহজ করে তুলে ধরা এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে তার আড্ডা দেওয়ার ধরন একটা নিজস্ব ঘরানা তৈরি করেছিল। আজও দুপুরে টিভির সামনে বসলে সুদীপার সেই মিষ্টি হাসি আর ‘আজকের মেনু কী’ শোনার জন্য কান পেতে থাকে দর্শক।
সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, রান্নাঘরের সেটআপ সাজানো গোছানো এক সেটআপে দাঁড়িয়ে আছেন সুদীপা। সামনে রাখা সুদৃশ্য বাসনপত্র এবং রান্নার উপকরণ। আগের মতোই সাবলীল ভঙ্গিতে কড়াইতে নাড়াচাড়া করছেন খুন্তি, মুখে সেই পরিচিত ঝকঝকে হাসি। ভিডিওটি দেখা মাত্রই কমেন্ট বক্সে উপচে পড়ছে মানুষের উচ্ছ্বাস। আর এই ভিডিও দেখে অনেকেরই ধারণা করেছেন হয়তো নতুন করে রান্নার শো-এর প্রোমো শ্যুট করছেন অভিনেত্রী। পুরনো সেই নস্টালজিয়া উসকে দিয়ে ভক্তরা মনে করছেন, আবারও দুপুরবেলার সেই আড্ডা জমবে টিভির পর্দায়।
আরও পড়ুনঃ ‘আমি কারোর কথার ধার ধারি না, যেটা করতে চাই সেটাই করি!’ ‘বাবা যদি আজ দেখতে পেতেন আমি এখানে পা রেখেছি…!’ জি বাংলার আড্ডায় ধরা দিলেন ঈশানি-সোহিনী!
তবে এবার আসা যাক আসল টুইস্টে! দর্শকদের জন্য এই খুশির মেজাজে কিছুটা অন্যরকম খবর হলো সুদীপা কোনো নতুন ডেইলি সোপ বা টিভি শো-এর মাধ্যমে পর্দায় ফিরছেন না। ভিডিওটি মূলত ছিল তার বাড়ির ছাদে করা একটি বিশেষ শ্যুট। অভিনেত্রী বিখ্যাত ভোজ্য তেল সংস্থা ‘ফরচুন’ এর বিজ্ঞাপনের জন্য একটি অসাধারণ রেসিপি তৈরি করছিলেন। ব্র্যান্ডের প্রমোশনের খাতিরেই তিনি আবারও হাতা-খুন্তি হাতে তুলে নিয়েছেন নিজের বাড়ির ছাদে। যদিও এটি কোনো পূর্ণাঙ্গ অনুষ্ঠান নয়, তবুও প্রিয় তারকাকে রান্নার আমেজে ফিরে পেতে দেখে আপাতত এই বিজ্ঞাপনের ভিডিওতেই তৃপ্তি খুঁজছেন সুদীপার অগুনতি ভক্তরা।

