কাকা নেই, রয়ে গেছে তাঁর সাজানো স্বপ্ন! স্মৃতিঘেরা ক্যাফেই এখন দেবলীনার নতুন ঘর!

গ্ল্যামার দুনিয়ার ব্যস্ততার মাঝে এবার এক টুকরো ঘরোয়া আবেগ নিয়ে হাজির হলেন টলিউড অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)। দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের কাছে যাত্রা শুরু করল তার নতুন ক্যাফে। তবে এটি কেবল ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান নয়, বরং দেবলীনার কাছে এটি এক বিশাল আবেগঘন মুহূর্ত।
সাক্ষাৎকারে দেবলীনা জানিয়েছেন, ক্যাফেটি মূলত তার কাকার ছিল। গত বছরের ২১শে ফেব্রুয়ারি তিনি এটি চালু করেছিলেন, কিন্তু বর্তমানে তিনি আর তাদের মাঝে নেই। কাকার সেই অসমাপ্ত স্বপ্নকে এগিয়ে নিতেই অভিনেত্রী এবং তার পরিবার কোমর বেঁধে মাঠে নেমেছেন। ক্যাফেটির ইন্টেরিয়র সাজাতে বিশেষ ভূমিকা নিয়েছেন দেবলীনার পিসি এবং বাবা।
এই ক্যাফের বিশেষত্ব নিয়ে কথা বলতে গিয়ে দেবলীনা বলেছেন, ক্যাফেতে রয়েছে একটি চমৎকার বুক কর্নার। ইংরেজি মিডিয়ামে পড়লেও দেবলীনা ব্যক্তিগতভাবে বাংলা বইয়ের অনুরাগী, তাই এখানে মিলবে বাংলা ও ইংরেজি বইয়ের দারুণ সংগ্রহ। সাধারণ কফি তো আছেই, তবে এখানকার বিশেষ আকর্ষণ হলো অফবিট চা। স্যাফরন রোজ থেকে শুরু করে হিমালয়ান মাকাইবাড়ি বা ব্লু টি চা প্রেমীদের জন্য থাকছে হরেক আয়োজন। এছাড়াও পকেট-ফ্রেন্ডলি এই ক্যাফেতে মিলবে চিকেন স্ট্রোভেন পেনে পাস্তা, গ্রিল চিকেন এবং অভিনেত্রীর প্রিয় ব্রাউনি।
দেবলীনা জানান, ব্যবসার চেয়েও ইমোশন এখানে বেশি। ভবিষ্যতে তার পরিকল্পনা আছে পিসি বা বাড়ির দক্ষ রাঁধুনিদের তৈরি হারিয়ে যাওয়া কিছু সাবেকি বাঙালি পদ এখানে পরিবেশন করার। অভিনেত্রী নিজে মাটন প্রেমী হিসেবে পরিচিত হলেও, ক্যাফেতে আগত ভোজনরসিকদের জন্য সেরা মান বজায় রাখাই এখন তার মূল লক্ষ্য।
আরও পড়ুনঃ শাশুড়ির নামেই মেয়ের নাম! ধুমধাম করে সুসম্পন্ন হলো অহনা দত্তের মেয়ে মীরার মুখে ভাত!
শরৎ বোস রোড ধরে মিন্টো পার্ক থেকে দেশপ্রিয় পার্কের দিকে যাওয়ার পথে ন্যাশনাল হাই স্কুলের ঠিক পাশেই এই ক্যাফেটি অবস্থিত। অভিনেত্রী জানিয়েছেন, কাজের ফাঁকে মাঝেমধ্যেই তাকে এখানে দেখা যাবে এবং তিনি নিজেই ক্যাফের পরিষেবা তদারকি করবেন।

