‘অনির্বাণের হয়ে আমি ক্ষমা চাইছি, ওকে দয়া করে কাজ করতে দিন…’ পুরনো দ্বন্দ্ব মেটাতে অনির্বাণ ভট্টাচার্যের হয়ে ক্ষমা চাইলেন দেব!

টলিপাড়ায় ছবি মুক্তির ক্যালেন্ডার ও শিল্পীদের কাজ পাওয়া নিয়ে যখন চাপা উত্তেজনা, ঠিক সেই সময় স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে বড় মন্তব্য করলেন দেব। শুক্রবার ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোশিয়েশনের কলকাতা দপ্তরে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব স্পষ্ট জানালেন, অনির্বাণকে নিয়ে যে সব খবর ঘুরছে তার অনেকটাই ভুয়ো। এমনকি দেব শুভশ্রী জুটির আগামী ছবিতে অনির্বাণ থাকছেন বলে যে গুঞ্জন, সেটাও তিনি সরাসরি নাকচ করে দেন।
দেব জানান, বৈঠকে মূলত ছবি মুক্তির সময়সূচি ও সকলকে সমান সুযোগ দেওয়ার বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে। তাঁর কথায়, হিন্দি ছবি মুক্তির সময়ে বাংলা ছবি যাতে চাপের মুখে না পড়ে, সে দিকেই নজর দেওয়া হচ্ছে। যদিও বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তিনি কিছু বলতে চাননি। বরং নিজের চেনা ঢঙে বললেন, বাংলা ছবির ক্যালেন্ডার স্ক্রিনিং কমিটি ঠিক করবে, তবে দেব নিজের ছবির মুক্তির তারিখ জানেন এবং সে অনুযায়ীই এগোবেন।
এদিকে পুজোয় আসতে চলা দেশু জুটির ছবিতে অনির্বাণকে দেখা যাবে কিনা, সেই প্রশ্নেও দেবের জবাব পরিষ্কার। তিনি বলেন, এই খবরও পুরোপুরি ভুয়ো। তবে মজার ছলে জানান, প্রথমে চরিত্রের জন্য তিনি বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেই ফোন করেছিলেন। যদিও অনির্বাণকে নিয়ে এই আলোচনা সামনে আসার পর তিনি নিজেও নতুন করে ভাবতে শুরু করেছেন যে ভবিষ্যতে এমন কোনও কাজ হলে তা মন্দ হবে না।
প্রসঙ্গত, অনির্বাণের সঙ্গে টেকনিশিয়ান ফেডারেশনের সংঘাতের জেরে দীর্ঘদিন ধরেই তাঁর উপর অলিখিত নিষেধাজ্ঞা চলছে। এই বিষয়টি নিয়েই এদিন দেব সবচেয়ে আবেগপ্রবণ বক্তব্য রাখেন। তিনি বলেন, অনির্বাণ একজন অত্যন্ত ভালো অভিনেতা এবং তাঁর কাজ করা উচিত। দেব স্পষ্ট জানান, প্রয়োজন হলে তিনি অনির্বাণের হয়ে ক্ষমাও চাইতে প্রস্তুত। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি দেখার জন্য অনুরোধ করবেন বলে জানান।
আরও পড়ুনঃ অফিসের অন্ধকার রহস্যের জালে পারুল! সত্যের সন্ধান করতে গিয়ে পারুলকে হাতেনাতে ধরল সংযুক্তা! দুর্ধর্ষ আজকের পর্ব
অন্যদিকে বৈঠক শেষে স্বরূপ বিশ্বাস জানান, এই মুহূর্তে মিডিয়াতে বলার মতো কিছু নেই। স্ক্রিনিং কমিটি ও এগজিবিটরদের মধ্যে আলোচনা হয়েছে বলেই জানান তিনি। অনির্বাণ প্রসঙ্গে দেবের মন্তব্য না শুনে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। এই বৈঠকে উপস্থিত ছিলেন পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, দেব ছাড়াও রানা সরকার, নিশপাল সিং রানে, জয়দীপ মুখোপাধ্যায় ও শতদীপ সাহা। সব মিলিয়ে টলিপাড়ায় ছবির ভবিষ্যৎ ও শিল্পীদের কাজ নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল এই বৈঠক।

