বহুদিন পর ফের ছোট পর্দায় দেবশঙ্কর হালদার! জুটিতে সোহিনী সেনগুপ্ত! আসছে নতুন প্রেমের গল্প!

বাংলা টেলিভিশনে প্রাপ্তবয়স্ক মানুষের প্রেমের গল্প যে দর্শকের মন ছুঁতে পারে, তার প্রমাণ ইতিমধ্যেই মিলেছে। চিরসখা ধারাবাহিক সেই পথ দেখিয়েছে। সেই রেশ ধরেই এবার আরও এক মানবিক ও সংবেদনশীল প্রেমের কাহিনি নিয়ে আসতে চলেছে জি বাংলা। দর্শকের আবেগকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প বলতেই প্রস্তুত নতুন ধারাবাহিক কমলা নিবাস।
এই ধারাবাহিকের সবচেয়ে বড় চমক হল প্রথমবার ছোট পর্দায় একসঙ্গে দেখা যাবে দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্তকে। দুজনেই নিজেদের কাজে স্বনামধন্য শিল্পী। একজন থিয়েটার ও অভিনয়ের দুনিয়ায় বহুদিনের পরিচিত মুখ, অন্যজন শক্তিশালী অভিনয় দক্ষতায় বারবার মুগ্ধ করেছেন দর্শককে। এই দুই অভিজ্ঞ শিল্পীর রসায়ন নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে।
দেবশঙ্কর হালদার এর আগে ছোট পর্দায় একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেও মাঝখানে কিছুদিন টেলিভিশন থেকে দূরে ছিলেন। অন্যদিকে সোহিনী সেনগুপ্ত এই প্রথম কোনও মেগা ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন। যদিও দুজনকে আগে একসঙ্গে দেখা গিয়েছিল অলীক সুখ ছবিতে, তবে সেখানে তাঁরা একে অপরের বিপরীতে ছিলেন না। তাই এই ধারাবাহিকেই প্রথম তাঁদের প্রেমের জুটি হিসেবে দেখা যাবে।
কমলা নিবাস নাম শুনেই বোঝা যায় গল্পের কেন্দ্রে থাকবে একটি বাড়ি। সেই বাড়ির সঙ্গে জড়িয়ে থাকা মানুষজন, স্মৃতি আর সম্পর্কের টানাপোড়েনই গড়ে তুলবে কাহিনির মূল সুর। জানা যাচ্ছে, এই বাড়ির দুই প্রধান সদস্যই শিল্পী। তাঁদের জীবনের ওঠাপড়া, নিঃসঙ্গতা আর ভালোবাসার খোঁজই ধীরে ধীরে রূপ নেবে প্রেমের গল্পে।
আরও পড়ুনঃ জন্মদিনে দুর্ঘটনার কবলে সুদেষ্ণা রায়! তড়িঘড়ি ভর্তি করানো হলো আইসিইউতে! কেমন আছেন পরিচালক তথা অভিনেত্রী?
নতুন প্রজন্মের প্রেমের পাশাপাশি বয়সের পরিণত স্তরে দাঁড়িয়ে থাকা মানুষের অনুভূতিও যে সমানভাবে সুন্দর ও প্রাসঙ্গিক, তা বারবার প্রমাণ হচ্ছে। কমলা নিবাস সেই ভাবনাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চায়। এক নির্ভেজাল, শান্ত অথচ গভীর প্রেমের গল্প দেখার অপেক্ষায় এখন মুখিয়ে রয়েছেন দর্শকেরা।

