‘খুব একটা ঘনিষ্ঠ ছিলাম না আমরা, কিন্তু ওনার…’ ‘ইংরেজি খবর পাঠ করতেন…’ বিপ্লব দাশগুপ্তের প্রয়াণে শোকাহত অভিনেত্রী সোহাগ সেন! অভিনেতাকে নিয়ে কি বললেন তিনি?

শুক্রবার দুপুরে টলিপাড়ায় নেমে এল দুঃখের খবর। ৭৫ বছর বয়সে প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত। গল্ফ ক্লাব রোডের নিজের বাড়িতেই দুপুর সাড়ে বারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শিল্পী মহল থেকে অনুরাগীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। বিশেষ করে স্নায়ুতন্ত্রের একটি অটোইমিউন রোগে আক্রান্ত ছিলেন। এর আগে একাধিকবার বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তবে গত কয়েক মাস ধরে বাড়িতেই চিকিৎসা চলছিল বলে পরিবার সূত্রে জানা যায়।
শিল্পীর স্ত্রী রুমা দাশগুপ্ত জানান, এদিন সকালেও সবকিছু স্বাভাবিক ছিল। তিনি নিজে হাতে স্বামীকে প্রাতরাশ খাইয়েছিলেন। পরে স্পঞ্জ করানোর সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়।
অভিনয়ের পাশাপাশি বাচিকশিল্পেও সমান দক্ষ ছিলেন তিনি। বাংলা সিনেমা, থিয়েটার এবং আবৃত্তির জগতে তাঁর অবদান উল্লেখযোগ্য। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই বহু শিল্পী শোকপ্রকাশ করেছেন। ইতিমধ্যেই তাঁর বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী।
আরও পড়ুনঃ ‘উনি আমায় এক নেশায় আসক্ত করেছিলেন…’ ‘বিপ্লবদা তুমিও একা করে দিলে!’ টলিপাড়ায় শোকের ছায়া! অভিনেতা বিপ্লব দাশগুপ্তর প্রয়াণে ভেঙে পড়লেন জিতু কমল!
প্রবীণ অভিনেত্রী ও প্রশিক্ষক সোহাগ সেন এই খবর শুনে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, শিল্পী হিসেবে বিপ্লব দাশগুপ্ত অত্যন্ত দক্ষ ছিলেন এবং তাঁর কণ্ঠস্বর ও উচ্চারণ ছিল অসাধারণ। ব্যক্তিগতভাবে খুব ঘনিষ্ঠ না হলেও, তাঁর কাজ ও ভদ্র ব্যবহারের জন্য তিনি সবসময়ই আলাদা জায়গা করে নিয়েছিলেন।

