‘আমি দেবো না গাড়ি, কি করবেন করে নিন…’ ভোটের কাজে দিতে হবে ব্যক্তিগত গাড়ি! রাস্তার মাঝেই প্রতিবাদে সরব অরিত্র দত্ত বণিক!

সকালের তাড়াহুড়োয় শ্যুটিংয়ে যাচ্ছিলেন অভিনেতা অরিত্র দত্ত বণিক। কিন্তু পথেই এমন এক ঘটনার মুখোমুখি হন তিনি, যা নিয়ে পরে সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন। সেই ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, ব্যক্তিগত গাড়ি এভাবে চাওয়া কতটা সঠিক।

অভিনেতার দাবি, ২৪ মার্চ সকালে ডানলপের রথতলা মোড়ে তাঁর গাড়ি থামিয়ে দেন এক ট্রাফিক পুলিশ। সামনে বিধানসভা নির্বাচন থাকায় গাড়িটি ভোটের কাজে ব্যবহার করার জন্য চাওয়া হয়। এমনকি তাঁর হাতে একটি রিক্যুশিজন স্লিপও ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরই ক্ষোভ প্রকাশ করেন অরিত্র এবং শুরু হয় বচসা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিয়োতে দেখা যায়, সিগনালে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই পুলিশ তাঁর গাড়ি চান। অভিনেতা জানিয়ে দেন, ব্যক্তিগত গাড়ি তিনি দিতে রাজি নন। পুলিশ নিয়মের কথা বললেও অরিত্রর বক্তব্য, তাঁর অনুমতি ছাড়া এভাবে গাড়ি নেওয়া যায় না। শেষ পর্যন্ত কিছুটা উত্তেজনার মধ্যেই তিনি সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান।

পরবর্তীতে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অরিত্র জানান, তিনি শ্যুটিংয়ের কাজে নিজের গাড়ি ব্যবহার করছিলেন। হঠাৎ করে সেটি থামিয়ে ভোটের কাজে নেওয়ার চেষ্টা করা হয়। যদিও তিনি আপত্তি জানান এবং শেষ পর্যন্ত গাড়িটি দেওয়া হয়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে প্রশাসনিক নিয়ম নিয়ে।

আরও পড়ুনঃ ‘আমরা তো অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের ছেলে তাই আমরা বেঁচে আছি ওই…’ ‘যদি কোনো ছেলে মুদির দোকান থেকে উঠে আসে তাহলে…’ কীভাবে বেঁচে আছেন অভিনেতা! অকপটে নিজের জীবন যুদ্ধ নিয়ে চন্দন সেন!

নিয়ম অনুযায়ী, নির্বাচনের কাজে আগে সরকারি গাড়ি ব্যবহার করা হয়, প্রয়োজন হলে পরে বেসরকারি গাড়ি নেওয়া যায়। কিন্তু ব্যক্তিগত গাড়ি নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া মানা বাধ্যতামূলক। লিখিত নির্দেশ ছাড়া এমন পদক্ষেপ ঠিক নয় বলেই মত অনেকের। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করেছেন, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Back to top button