আজ রাতেই সাত পাকে বাঁধা পড়ছেন গায়িকা! কার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন অন্তরা মিত্র?

আজ রাতেই বসতে চলেছে সঙ্গীতে সুরভরা এক বিশেষ পর্ব। জনপ্রিয় বলিউড গায়িকা এবং জি বাংলা সারেগামাপা-র বিচারক অন্তরা মিত্র আজ বিয়ের পিঁড়িতে বসছেন। বাইপাস সংলগ্ন রাজকুটিরে জমকালো আয়োজন করা হয়েছে। সাজসজ্জা, আলো, রঙ আর উচ্ছ্বাসে গমগম করছে পুরো ভেন্যু। কাছের বন্ধু, পরিবার এবং আত্মীয়দের উপস্থিতিতে হবে বিয়ে। তবে সব মিলিয়ে গোটা অনুষ্ঠানটি রাখা হয়েছে বেশ ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত।
ইতিমধ্যেই হয়েছে আশীর্বাদ এবং আইবুড়ো ভাতের অনুষ্ঠান। সোমবার ছিল নানা বাঙালি রীতি পালন করার পালা। মঙ্গলবার সকালেও দেখা গেল সাবেকি সাজে সেজে উঠেছেন অন্তরা। লাল পাড় সাদা শাড়ি, সোনা গয়না, শাঁখা-পলা এবং মাথায় শোলার মুকুট— পুরো সাজেই ছিল টানটান বাঙালিয়ানা। বরের বাড়ি থেকে যখন গায়ে হলুদের তত্ত্ব এল, তখন নিজেই বাইরে বেরিয়ে এসে সবটা দেখেশুনে নিয়েছেন তিনি। বিয়ের কনে হলেও দায়িত্ব নিয়ে অনুষ্ঠান তদারকি করতে ব্যস্ত অন্তরা।
তাহলে কে হচ্ছেন অন্তরার জীবনসঙ্গী? হবু বরের নাম শৌর্য এবং তিনি আইটি পেশার মানুষ। থাকেন বেঙ্গালুরুতে। অন্তরা এবং শৌর্যের প্রেম পর্ব দীর্ঘদিনের নয়, তবে পরস্পরের প্রতি বিশ্বাস এবং বোঝাপড়াই তাঁদের এই সিদ্ধান্তের মূল কারণ। গানের জগতের বাইরে থাকা সত্ত্বেও অন্তরার জীবনের তাল লয়ে ইতিমধ্যেই তাল মিলিয়ে ফেলেছেন শৌর্য।
বিয়ের পর শিগগিরই হানিমুনে বেরিয়ে যাবেন নবদম্পতি। তাই কিছুদিন দর্শকরা সারেগামাপা মঞ্চে অন্তরাকে দেখতে পাবেন না। তবে এই বিরতি খুব বেশি দিন নয়। মধুচন্দ্রিমার পরই আবার তিনি ফিরবেন তাঁর সুরের মঞ্চে।
অন্তরার সঙ্গীতজীবনের গল্পটিও অনুপ্রেরণাদায়ক। মছলন্দপুর থেকে শুরু করে ইন্ডিয়ান আইডল-এর মঞ্চ। এরপর দীর্ঘ স্ট্রাগল এবং অবশেষে বলিউডে জায়গা। প্রীতমের হাত ধরে প্লেব্যাক শুরু, তারপর একের পর এক জনপ্রিয় গান— ‘শাড়ি কা ফলস সা’, ‘গেরুয়া’ এবং আরও অনেক হিট গান তাঁর ঝুলিতে। অরিজিৎ সিং-এর সঙ্গে বন্ধুত্ব তাঁর সঙ্গীত সফরে আলাদা মাত্রা এনেছে। সম্প্রতি ‘কিশোরী’ গানেও তাঁর গলা মন কেড়েছে শ্রোতাদের।
আরও পড়ুনঃ নতুন নায়িকাকে নিয়ে শুরু হলো জিতুর শুটিং! নতুন নায়িকার সঙ্গে কতটা ভাব জমালেন নায়ক? কবে থেকে নতুন জুটিকে দেখতে পাবেন দর্শক?
এখন দেখার বিষয়, আজ রাতের অন্তরার বিয়েতে কোন কোন তারকা উপস্থিত হন। তবে একটাই নিশ্চিত— আজকের দিনটা সুরের মতোই সুন্দর, আবেগে ভরা এবং স্মরণীয় হতে চলেছে অন্তরার জীবনে।

