সারেগামাপা’র মঞ্চ থেকে জীবনের নতুন পথে! চুপিসারে বিয়ে সারলেন সারেগামাপার চলতি সিজনের গায়িকা অনন্যা সরকার! পাত্রকে চেনেন?

লোকগানের সুরে দর্শক ও বিচারকদের মন জয় করেছিলেন আগরতলার মেয়ে অনন্যা সরকার। সারেগামাপা’র মঞ্চে তাঁর গানের প্রশংসা এখনও দর্শকদের মনে টাটকা। এর মধ্যেই ব্যক্তিগত জীবনে এল নতুন সুখবর। সম্প্রতি আংটি বদল এবং আইনি বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অনন্যা। তাঁর সঙ্গী হয়েছেন অভয় মিত্র।
এই বিশেষ দিনে অনন্যার পাশে ছিলেন তাঁর কাছের বন্ধুরা। অনুষ্ঠানে দেখা যায় গীতশ্রী চৌধুরী ও রিয়া দত্তকে। সারেগামাপা’র সেট থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু হয়েছিল। সেই সম্পর্ক এখনও একইরকম দৃঢ়। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ছোট পরিসরেই সম্পন্ন হয় এই বিয়ের অনুষ্ঠান।
অনন্যা সংগীত জগতের পরিচিত মুখ হলেও অভয়ের পেশা একেবারেই অন্যরকম। তিনি পেশায় ট্রেডার এবং শেয়ার বাজারের কাজের সঙ্গে যুক্ত। দুজনের কাজের ক্ষেত্র আলাদা হলেও একে অপরের সঙ্গে বোঝাপড়া যে দারুণ, তা তাঁদের বিয়ের মুহূর্তের ছবিতেই স্পষ্ট। ১৪ মে ঘরোয়া পরিবেশে আইনিভাবে বিয়ে সারেন তাঁরা।
বিয়ের অনুষ্ঠানে অনন্যাকে দেখা যায় সাবেকি সাজে। ঘিয়ে রঙের লাল পাড় শাড়িতে তাঁকে বেশ আকর্ষণীয় লাগছিল। অন্যদিকে লাল পাঞ্জাবিতে নজর কেড়েছেন অভয়ও। খুব বেশি জাঁকজমক না থাকলেও অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ আর আন্তরিকতার ছোঁয়া। নবদম্পতির হাসিমুখ নজর কেড়েছে সকলের।
আরও পড়ুনঃ ‘এতদিন যে খুব ভয় ভয় রাস্তায় বেরিয়েছি…’ ‘এখানেই জন্মেছি বড় হয়েছি কিন্তু…’ ‘এমন নিশ্চয়তা পাওয়াটা শান্তির…’ নারী সুরক্ষা নিয়ে অগ্নিমিত্রার মন্তব্যে স্বস্তির নিঃশ্বাস গায়িকার! এই পদক্ষেপ নিয়ে কি বললেন ইমন চক্রবর্তী?
আগরতলার মেয়ে হলেও এখন কলকাতাই অনন্যার কাজের জায়গা। বিয়ের পরেও গানের কেরিয়ার এবং সংসার দুটোই সমানভাবে সামলাতে চান তিনি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন এই নবদম্পতিকে। সকলের আশা, গানের সুরের মতোই তাঁদের নতুন জীবনও সুখে ও ভালোবাসায় ভরে উঠুক।

