ফুলকি ধারাবাহিকে এল বিরাট বড় বদল, জনপ্রিয়তা টিকিয়ে রাখতে এই পরিবর্তন কি মানতে পারবে দর্শক?

বর্তমানে জি বাংলায় (Zee Bangla) নবাগত ধারাবাহিক গুলির মধ্যে সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ফুলকি (Phulki)। শুরু হওয়ার পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে এই ধারাবাহিক। মাঝে কয়েক সপ্তাহের জন্য জগদ্ধাত্রীকেও স্থানচ্যুত করেছিল এই নবাগত ফুলকি। বর্তমানে টিআরপিতে ভালো জায়গায় রয়েছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের সূচনা কালে অর্থাৎ যখন প্রথম প্রোমো সম্প্রচারিত হয়েছিল তখন ধারাবাহিকটির প্লট বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। সেই সময় জানা গিয়েছিল ফুলকি এমন একটি মেয়ে যার জীবনে স্বপ্ন হলো একজন বক্সার হওয়া। সে হাঁপানির রোগী। একটু হাঁপিয়ে গেলেই ইনহেলার নিতে হয় তাকে। তারপরেও বক্সিং এর মত একটি পেশাকেই নিজের জীবন বানাতে চায় সে।
এরকম একটি প্লট দেখে কিছু দর্শক সমালোচনায় মেতে ছিলেন এই ধারাবাহিকটিকে নিয়ে আবার কিছু দর্শক বেশ প্রশংসা করেছেন এই ধারাবাহিকের। ফুলকি শুরু হওয়ার এক মাস ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সূচনার সঙ্গে পরবর্তী পর্যায়ে কোন মিল খুঁজে পাচ্ছেন না দর্শক মহল। যেন রাতারাতি বদলে গেছে গল্পের প্লট।
শুরুতে দর্শকরা ভেবেছিলেন ফুলকির স্বপ্ন আর রোহিতের অতীত একই সুতোয় বাঁধা। ফুলকির স্বপ্ন সত্যি করার মধ্যে দিয়েই রোহিত তার ভয়ঙ্কর অতীত থেকে মুক্তি পাবে এবং জীবনে সুখী হবে। কিন্তু তেমন কিছুই পরবর্তীতে দেখানো হয়নি। পুরোপুরি ফ্যামিলি ড্রামায় পরিণত হয়েছে এই ধারাবাহিক। বক্সিং এর কোন নাম নেই।
শুরুর পরই বিয়ে হয়ে গিয়েছে ফুলকির। এখন বিয়ের পরবর্তী জীবনে ঘটে চলা স্বাভাবিক কিছু ঘটনায় দেখানো হচ্ছে এই ধারাবাহিকে। যার মধ্যে বক্সিংয়ের ছোঁয়াটুকুনিও নেই। এমনকি রোহিতকে কেন্দ্র করেও বক্সিং সম্পর্কিত কিছুই দেখানো হচ্ছে না। ধারণা করা হচ্ছে এই প্লট নিয়েই এত বেশি জনপ্রিয়তা পেয়ে গেছে এই ধারাবাহিক যে, বক্সিং বিষয়টিকে নিয়ে আর এগোতে চাইছে না নির্মাতারা।

