বিরাট দুঃসংবাদ! শুটিং সেটেই হঠাৎ অসুস্থ সুদীপ সরকার! হাসপাতালে ভর্তি অভিনেতা! এখন কেমন আছেন তিনি?

ধারাবাহিকের শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন টেলিভিশনের পরিচিত মুখ সুদীপ সরকার। সম্প্রতি একটি নতুন সিরিয়ালের কাজে ব্যস্ত ছিলেন তিনি। সোমবার শুটিং চলার মাঝেই শারীরিক অসুস্থতা বাড়তে থাকায় পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। জানা গিয়েছে, তার আগের দিন থেকেই জ্বরে ভুগছিলেন অভিনেতা। শেষ পর্যন্ত অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। তবে বর্তমানে সুদীপের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেই খবর। স্ত্রী ও অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থতা নিশ্চিত করতে কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা করা হবে।
অসুস্থতার কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরমের মধ্যে অনিয়মিত খাবার খাওয়ার ফলেই এই সমস্যা দেখা দিয়েছে। তবে চিকিৎসকদের নজরদারিতে দ্রুত সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন তিনি।
টেলিভিশন জগতের পরিচিত মুখ সুদীপ সরকার একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জিতেছেন। বিশেষ করে খল চরিত্রে তাঁর অভিনয় বরাবরই প্রশংসিত হয়েছে। অভিনয়ের আগে তিনি সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন এবং পরে থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে নিজের পথ তৈরি করেন।
নাটকের মঞ্চ থেকে শুরু করে ছোটপর্দা— ধীরে ধীরে নিজের জায়গা পোক্ত করেছেন সুদীপ। ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে সহকারী হিসেবে কাজ করার পর অভিনয়ে হাতেখড়ি। ‘আয় বৃষ্টি ঝেঁপে’, ‘চ্যাম্পিয়ন’, ‘অগ্নিপরীক্ষা’ ও ‘তুমি আসবে বলে’-এর মতো ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কেড়েছে। সম্প্রতি কাজের ফাঁকে কিছুদিন বিরতিতেও ছিলেন তিনি।

