Sandhyatara: ‘আর্মির ছেলের মত মানুষ হয়েছি’, সন্ধ্যাতারার আকাশের স্ট্রাগেলের কথা জানুন

আর্মির ছেলের মতো মানুষ হয়েছেন নায়ক। জীবনে বহু পরিশ্রম করে আজ তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তবে এই পরিশ্রম তাঁর কাছে কিছুই নয়, তিনি মনে করেন এটাই তাঁর সফলতার একটা রাস্তা ছিল, যে রাস্তায় প্রতিদিন তিনি হেঁটে গিয়েছেন। এমন পজেটিভ মনের মানুষ ইন্ডাস্ট্রিতে হয়তো তেমন কাউকে দেখা যায়নি। ছোটবেলা থেকে যাঁর স্বপ্ন ছিল বড় অভিনেতা হওয়ার। কিন্তু মানুষ তাঁকে এতদিনে চিনে উঠল, আর তাতেই খুব খুশি তিনি।
জীবনের এতটা সময় পাড় হয়ে গেলেও কারোর কাছে কোনও আক্ষেপ নেই তাঁর। বিন্দাস জীবন কাটাচ্ছেন, দর্শকদের সামনে নিজের অসাধারণ অভিনয় ফুটিয়ে তুলছেন, তাতেই তিনি খুব খুশি। এতক্ষন যে অভিনেতার কথা হচ্ছিল, তিনি হলেন আমাদের জনপ্রিয় ধারাবাহিক স্টার জলসার (Star Jalsha) ‘সন্ধ্যাতারা’র (Sandhyatara) নায়ক সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় (Sourajit Banerjee)। ধারাবাহিকের নতুন মুখ হলেও কিছুদিনের মধ্যেই তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন।
বেলুড়ের ছেলে অভিনেতা সৌরজিৎ। তার পরিবারে রয়েছেন মা, বাবা, দিদি। অভিনেতা পর্দায় কাজ তেমন না করলেও ছোট থেকে ইংরেজি থিয়েটার করেছেন তিনি। অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল ছোট থেকেই। মুম্বইতে দু’টি মিউজ়িক ভিডিয়োয় কাজ করেছিলেন তিনি। সেখানে থাকাটা সেসময় তার পক্ষে বেশ কঠিন হয়ে উঠেছিল। তাই তিনি কলকাতা চলে আসেন। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে আলাপ হওয়ার পরই অভিনেতার জীবনে নতুন মোড় আসে।
অভিনেতা মনে করেন, রাজ দা তাঁর জীবনের অন্যতম আশীর্বাদ। দাদার সহকারী হিসাবে তিনি বেশ কয়েকটি কাজ করেছিলেন। আর তারপরেই এই সিরিয়ালে কাজের সুযোগ আসে। পড়াশোনা শেষ হওয়ার পর তিনি বেশ কিছুদিন একটি বহুজাতিক সংস্থায় চাকরি করেছিলেন। তবে অভিনয়ের প্রতি ভালোবাসার টানে সেই চাকরি তিনি ছেড়ে দেন। পরিবার ছিল সর্বদা তাঁর সাপোর্টে। এই সিরিয়ালে কাজের সুযোগ পাওয়ার পর তিনি আর পেছন ফিরে তাকাতে চান না।
ইন্ডাস্ট্রিতে সৌরজিৎ নিজেকে অভিনেতা হিসাবে আরও পোক্ত করবেন। অভিনেতা স্বপ্ন দেখেন, আগামী দিনে বড় পর্দায় এবং সিরিজ়ে কাজ করবেন তিনি। একটাসময় অডিশন দিতে গিয়ে রাস্তাতেই একধারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হত তাঁকে। অনেকসময় সেখানে শুয়েও পড়েছেন। আজ বাকিদের দেখে নিজের সেই অবস্থার কথা মনে পরে অভিনেতার। তবে তিনি নিশ্চিত যাঁরা অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে পরিশ্রম করে চলেছেন, তাঁরাও একদিন সৌরজিৎ’এর জায়গায় এসে দাঁড়াবেন।

