“সেদিনের মতো কোনদিনও কাঁদিনি”, কোন দিনের কথা বললেন শন?

ফের নতুন ধরনের গল্প নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক। মুক্তির অপেক্ষায় ‘পিলকুঞ্জ’ (Pilkunja)। বাঘ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এই সিরিজ (series)। পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের এই সিরিজে জুটি বেঁধেছেন শন বন্দ্যোপাধ্যায় ও তৃণা সাহা। সেই সঙ্গে অভিনয় করেছেন শঙ্কর দেবনাথ, জয়ী দেবরায়, দেবতনু, বৃষ্টি রায়, সোহম গুহা পত্তাদার, প্রতীক রায়, সৌরভ সাহা, পালওয়াল চক্রবর্তী, গৌতম মৃদ্ধা। পিলকুঞ্জ নিয়ে কিছু বিশেষ অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেতা শন।
পিলকুঞ্জতে শনের চরিত্রটি কেমন?
অভিনেতা জানান, “একটা লোক তিন দিন ধরে জঙ্গলে আটকে আছে। যেকোনো সময় বাঘ এসে তার ওপর আক্রমণ করতে পারে। এই চরিত্রটা যে কতটা চ্যালেঞ্জিং বলে বোঝাতে পারবো না। এটুকু বলতে পারি, আমি আমার জীবনে এমন চরিত্র কখনো পাইনি। হয়তো এত সুন্দর ভাবে কাজটা হতে পারতো না যদি না আমাদের পরিচালক আর গোটা টিম থাকতেন। এই ঘটনাটা একটা সত্যি ঘটনা। তাই আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।”
তৃণার সাথে কাজ করে কেমন লাগলো?
তিনি বললেন, “খুব ভালো লেগেছে। ওর সাথে আমার এটা আমার প্রথম কাজ। তৃণা খুবই দক্ষ একজন অভিনেত্রী। সবাই ভাবতো আমি খুব লাজুক খুব একটা কথা বলি না কিন্তু সেই ভুল ধারণা সবার ভেঙ্গেছে। আর নিজেদের লোকের কাছেই আমরা নিজের মতন থাকতে পারি। এটা আমি খুব ফিল করেছি।”
পিলকুঞ্জ নিয়ে কতটা এক্সাইটেড শন?
শন বললেন, “আমি আমার নিজের কাজ নিয়ে খুব একটা এক্সাইটেড থাকি না। কিন্তু এই কাজটা নিয়ে আমি ভীষণই এক্সাইটেড। আর তিনদিন পর রিলিজ, এখন থেকেই আমার উত্তেজনা বেড়ে যাচ্ছে। এই কাজটা আমার জীবনে একটা অন্যতম কাজ হয়ে থেকে যাবে।”
কেমন অভিজ্ঞতা হলো শনের?
তিনি জানালেন, “পিলকুঞ্জ এর মধ্যে কিছু তো আছে যেটা আমি ফিল করেছি। এটা যেন একটা মিরাক্কেল। একটা শট ছিল যেটা দেওয়ার পর আমি প্রায় এক ঘন্টা কেঁদে গেছি। আমি আমার ব্যক্তিগত জীবনেও কখনো এভাবে কাঁদিনি। এর প্রত্যেকটা সিন মারাত্মক। দর্শকদের বলব প্লিজ পিলকুঞ্জ দেখবেন, বাংলা ইন্ডাস্ট্রিতে এমন কাজ খুব কম হয়েছে।”

