নতুন রিয়ালিটি শো স্টার জলসায়! পরম সৃজলা মিলে এবার টেক্কা দিতে আসছে ‘দিদি নাম্বার ওয়ান’কে?

সোনি টিভির রিয়ালিটি শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ মাত্র দুটো সিজনেই দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করে ফেলেছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া খুললেই এই রিয়ালিটি শো এর চর্চা দেখতে পাওয়া যায়। একঘেয়ে নাচ, গান বা কমেডি রিয়ালিটি শো থেকে একেবারেই আলাদা এই শোটি। যার জন্যই হয়তো দেশজুড়ে এত বেশি জনপ্রিয়তা পেয়েছে শার্ক ট্যাঙ্ক।
প্রসঙ্গত এই রিয়ালিটি শো তে দেশের প্রতিষ্ঠিত সফল স্টার্টআপ সংস্থাগুলির প্রধানেরা শার্ক হিসাবে থাকেন। আর নতুন উদ্যক্তরা যারা নিজস্ব ব্যবসা করতে উদ্যোগী, তারা বিনিয়োগের জন্য শার্কদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। এবার সেই ধাঁচের এক রিয়ালিটি শো আসতে চলেছে বাংলা টেলিভিশনে। সেই সঙ্গে এই শো তে থাকবেন জনপ্রিয় অভিনেতা সঞ্চালকের ভূমিকা।
টেলিপাড়া সূত্রে খবর এই রিয়ালিটি শো এর সঞ্চালক হিসেবে দেখতে পাওয়া যাবে জনপ্রিয় টলি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। স্টার্ট আপ-এর ভাবনা এই শো-এর ভিত, তবে যতদূর জানা যাচ্ছে মূলত মহিলা কেন্দ্রিক হতে চলেছে এই শোটি। বাংলার বিভিন্ন জেলার মহিলারা রয়েছেন যারা নিজেদের ব্যবসার পরিধি বাড়াতে চান অথবা নতুন কোন ব্যবসা শুরু করতে চান কিন্তু পুঁজির অভাবে তা করে উঠতে পারছেন না।
বিচারক হিসেবে শোতে থাকতে পারেন সফল সব ব্যবসায়ীরা। আর ঠিক যেভাবে শার্ক ট্যাঙ্কে ভাবনা পছন্দ হলে ব্যবসায় বিনিয়োগ করেন তারা এতেও তেমনটাই হবে। যতদূর শোনা যাচ্ছে এই অনুষ্ঠানের নাম হতে চলেছে ‘মাই স্টার্ট আপ শো: ধন্যি মেয়ের উপাখ্যান’। বিকেলের কোন একটি স্লটে শুরু হবে এই শো অর্থাৎ জি বাংলার দিদি নাম্বার ওয়ানকে টেক্কা দিতেই আসতে চলেছে এই শো।

প্রসঙ্গত দিদি নাম্বার ওয়ান এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছুই থাকে না। তার কারণ এই রিয়ালিটি শো টিভির পর্দায় ১০ বছরের বেশি সময় ধরে রয়েছে। সঞ্চালিকা রচনা ব্যানার্জী দিদি হিসাবে বাংলার প্রতিটি ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছেন। আর তার জনপ্রিয়তাতে থাবা বসানো অতটা সহজ হবে বলে মনে করছেন না কেউই। তবে এই রিয়ালিটি শো তেও কিছু কম চমক থাকছে না একদিকে থাকবেন জনপ্রিয় অভিনেতা পরম অন্যদিকে আবার সুত্রের খবর টেলি অভিনেত্রী সৃজলা গুহকেও দেখা যেতে পারে এই শোতে। ইতিমধ্যে প্রোমো শ্যুট হয়ে গিয়েছে।

