মানসিক অবসাদগ্রস্ত হয়ে শেষ হয়ে গিয়েছিল জীবন, ভগবানের দয়ায় আবার পর্দায় ফিরছেন নেহা অমনদীপ! নিজেই জানালেন সে কথা

জি বাংলা-র ‘স্ত্রী’ ধারাবাহিক দিয়েই বাংলা টেলিভিশনে পা রাখেছিলেন অমনদীপ সোনকার। যাকে বাঙালি দর্শক মূলত চেনেন নেহা অমনদীপ নামে। বাংলা টেলিজগতের অন্যতম সুন্দরী নায়িকা হিসাবেই বরাবর দর্শক দেখেছে নেহাকে। কিন্তু মাঝপথে আচমকাই গায়েব নেহা। কনে বউ (Kone Bou) ধারাবাহিকে শেষ দেখা গিয়েছিল নেহাকে। গত দু-বছর শুধু সিরিয়ালের পর্দা থেকে নেহা গায়েব থেকেছেন না নয়, সোশ্যাল মিডিয়াতেও তাঁর উপস্থিতি চোখে পড়েনি। উদ্বিগ্ন ছিল ভক্তরা। ইন্ডাস্ট্রির বন্ধুদের ফোন ধরতেন না অভিনেত্রী।
গত দু-বছর ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন তিনি। নেহা বলেন, ‘ছোটছিলাম আমি। কিছু কথা শুনে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দিলাম। কেন ছাড়লাম সেটা নিজেও ঠিকভাবে ব্যাখা করতে পারব না। আমার মনে হত আমার মাথার মধ্যে কোনও তৃতীয় ব্যক্তি কথা বলছে। সে বলত, তুমি এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। তোমাকে বিচ্ছিরি দেখতে, তোমাকে কেউ আপন করে নেবে না। তোমার মরে যাওয়া উচিত… আমার এই সব মনে হত’।

এইসব বলতে বলতে কেঁদে ফেলেন নেহা। তিনি আরও যোগ করেন, ‘আমি ভয় পেতাম লোকজনের সঙ্গে কথা বলতে। আমি রুমের বাইরে বার হতে পারতাম না। কাজের ব্যাপারে কেউ ফোন করলে ফোন ধরতাম না… ডিপ্রেশন শব্দটা সেই বুঝতে পারে যে সেটার মধ্যে দিয়ে যায়। মানে তুমি নিঃশ্বাস নিচ্ছো, কিন্তু তুমি বেঁচে নেই’।
নেহা জানান, দুর্গাপুজোর সময় মা তাঁকে একটা মন্দিরে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁর জীবনে অনেক বদল এসেছে। পুজো-প্রার্থনা করে এখন নেহার জীবনে অনেক পজিটিভিটি ফিরে এসেছে। অভিনেত্রী কান্না চেপে বলেন- ‘ঠাকুরই আমাকে বাঁচিয়েছে, হয়ত উনি চান না আমি মরে যাই’। সকলের কাছে নেহার অনুরোধ মানসিক স্বাস্থ্যের উপর জোর দিন।
অজ্ঞাতবাস কাটিয়ে সম্প্রতি সামনে এসেছেন নেহা। আর দু-বছর পর ফিরলেন ছোটপর্দায়। সংবাদ মাধ্যমের নেওয়া একটি সাক্ষাৎকারে নিজেই সে কথা জানালেন সবার পছন্দের এই অভিনেত্রী। কবে কোন ধারাবাহিকের মধ্যে দিয়ে ফিরছেন তিনি? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, খুব তাড়াতাড়ি ছোট পর্দায় ধরা দেবেন তিনি তবে এর চেয়ে বেশি এই মুহূর্তে আর কিছু বলতে পারবেন না তিনি। জল্পনা রয়েছে জি বাংলায় ব্লুজ প্রোডাকশনের হাত ধরে আবার পর্দায় ফিরবেন তিনি।

