শুধু বং ক্রাশ নয়, সমাজের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার বার্তা পর্দার ডোডো দা’র! ‘মেয়েবেলা’র নায়কের কথায় আপ্লুত দর্শক

ধারাবাহিক মানেই আমরা যে যে বিষয়গুলিকে মনে করতাম সেই বিষয়গুলির ঊর্ধ্বে উঠে সবার মনে জায়গা করে নিচ্ছে এই নতুন ধারাবাহিক। বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হওয়া একঝাঁক নতুন সিরিয়াল (Bengali Serial) গুলির মধ্যে বিশেষ ভাবে নজর কাড়ছে স্টার জলসার ‘মেয়েবেলা’ (Meyebela)। সিরিয়ালের ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে চিত্রনাট্য, সংলাপ সবেতেই রয়েছে একটু ভিন্নতার ছোঁয়া। আর এই কারণেই খুব অল্প সময়ের মধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছে এই মেগা।
এতদিন দেখে এসেছি সিরিয়াল মানে সমস্ত আজগবি জিনিস যাকে বলে গল্পের গুরুর গাছে ওঠা কিন্তু এই ধারাবাহিকে তেমনটা হয়নি। সম্পূর্ণটাই বাস্তবতার মোড়কে মোড়া মেয়েবেলার প্লট। এই সিরিয়ালের মূল ইউএসপি মিত্র বাড়ির মেয়ে বৌদের সম্পর্কের সমীকরণ। দর্শকদের মতে, গল্প খানিকটা ধীরে এগোচ্ছে বটে, তবে টপিক কিন্তু ইন্টারেস্টিং। আর এই কারণেই তো দিন দিন বেড়ে চলেছে ধারাবাহিকের টিআরপি। এখন তো টপ টেনে জায়গাও করে নিয়েছে মৌ-ডোডো আর বীথির সমীকরণ।
পরকীয়া, কুটকাচালিত অনেক হলো এবার এই ট্র্যাকের বাইরে হেঁটে শিশু নির্যাতনের ঘটনা দেখানো হচ্ছে এখানে। ২০ বছর আগে ডোডোর খুড়তুতো বোন টিকলির সাথে ঘটে যাওয়া নোংরামির বিহিত করতে উদ্যত হয়েছে সবাই। আর এই ঘৃণ্য কাজটি ঘটিয়েছেন ডোডোর বড় পিসেমশাই সুবোধ। বাস্তব জীবনেও, এই ধরনের উদাহরণ আকছার শোনা যায়। এটি আমাদের সমাজে প্রায়শই ঘটে থাকে। শিশুদের সরলতার সুযোগ নিয়ে তাদের সাথে খারাপ কাজ করার ঘটনার উদাহরণ আমরা আগেও পেয়েছি। আর বেশিরভাগ সময়ই দেখা যায় যে, এই জঘন্য কাজগুলি করে থাকে পরিবারেরই কেউ বা অতি পরিচিত কেউ। ‘মেয়েবেলা’ সিরিয়ালের মাধ্যমে লেখক এই বিষয়টিকেই সাবলীল ভাবে তুলে ধরতে চেয়েছেন।
এবার চুপ করে নেই গল্পের নায়ক নায়িকাও। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন ধারাবাহিকের নায়ক নির্ঝর ওরফে অর্পন ঘোষালও। স্টার জলসার তরফ থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তাকে বলতে শোনা যাচ্ছে, ‘মধ্যবিত্ত পরিবারে এই ধরণের ঘটনা অনেক সময় চেপে যাওয়া হয়। কিন্তু ২০ বছর পর আজ মৌ আমাদের বোঝায় যে, এই সমস্যাটাকে হ্যান্ডেল করা দরকার। এটা কোথাও একটা আটকানো দরকার।’
অভিনেতার সংযোজন, ‘এমন ঘটনা হয়ত আমাদের আশেপাশে ঘটছে। আমরা অনেক সময় চেপে যাচ্ছি, বলছিনা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো ঘটনা শোনার পর আমার মনে হচ্ছে ‘না’। আমাদের বলা উচিত আমাদের আরো সোচ্চার হওয়া উচিত।’ অর্পনের এই ভিডিও হাজার হাজার মানুষের কাছে যে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে তার জন্য নেট পাড়ায় বেশ প্রশংসিত হচ্ছেন তিনি এবং তার বলা কথাগুলি।

