‘ভুয়ো’ খবরেই সর্বনাশ! ছবি থেকে বাদ পড়ছেন অঙ্কিতা? রটনায় বিরক্ত হয়ে কড়া বার্তা অভিনেত্রীর!

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী সদ্যই শেষ হয়েছে। এই ধারাবাহিকের হাত ধরেই ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন অঙ্কিতা মল্লিক। প্রথম ধারাবাহিক শেষ হতে না হতেই তাঁর কেরিয়ার নিয়ে শুরু হয় নানা জল্পনা। বড়পর্দায় ডেবিউ থেকে শুরু করে একাধিক ছবিতে কাজ করার খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন পোর্টালে। এমনকি দেব অভিনীত বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবিতে তাঁর উপস্থিতি নিয়েও চর্চা চলছিল। কিন্তু হঠাৎ করেই শোনা যায় একের পর এক ছবি থেকে নাকি বাদ পড়ছেন অঙ্কিতা। এই খবর ঘিরেই তৈরি হয় ধোঁয়াশা।
এই প্রসঙ্গে আজকাল ডট ইনের কাছে মুখ খুলেছেন অঙ্কিতা মল্লিক নিজেই। স্পষ্ট ভাষায় ক্ষোভ উগরে দিয়ে তিনি জানিয়েছেন, ছবি থেকে বাদ পড়ার খবর একেবারেই ভুল এবং ভিত্তিহীন। অঙ্কিতার কথায়, তিনি একটাই ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এবং সেটি হল মহুয়া রায়চৌধুরীর বায়োপিক। এই ছবিটি তিনিই করছেন এবং তা আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এর বাইরে অন্য কোনও ছবির বিষয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা পর্যন্ত হয়নি বলে সাফ জানিয়ে দেন অভিনেত্রী।
সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন জগদ্ধাত্রী খ্যাত অভিনেত্রী। তাঁর মতে, কোনও খবর প্রকাশের আগে সংবেদনশীল হওয়া অত্যন্ত জরুরি। মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম এবং একটি ভুল খবর থেকে একাধিক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। শব্দ চয়নের ক্ষেত্রেও দায়িত্বজ্ঞান থাকা দরকার বলে মনে করেন অঙ্কিতা। কোনও প্রযোজনা সংস্থা বা শিল্পীর তরফে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনও খবর ছড়ানো মানেই অযথা গুজব তৈরি করা, যা শিল্পীদের জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়।
বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবির প্রসঙ্গে অঙ্কিতা আরও পরিষ্কার করে বলেন, এই ছবিতে তাঁর অভিনয়ের বিষয়টি কখনওই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তিনি নিজেও কোনও সাক্ষাৎকারে বা প্রকাশ্যে কখনও বলেননি যে তিনি ছবিটি করছেন। কোথা থেকে এই খবর রটেছে, তা তাঁর কাছেও অজানা। ফলে এখন আবার বলা হচ্ছে তিনি নাকি ছবিটি করছেন না, অথচ আদতে শুরু থেকেই বিষয়টি নিশ্চিত ছিল না। তাঁর কথায়, যে কাজের ঘোষণা হয়নি, সেই কাজ নিয়ে জানার প্রশ্নই ওঠে না।
আরও পড়ুনঃ পৃথিবীতে হানা দিয়েছে ভিনগ্রহের প্রাণী! তীর ধনুক নিয়ে “এলিয়েন” তাড়াতে ব্যস্ত রাঙামতি! জলসার নতুন প্রমো দেখে হেসেই খু’ন নেটপাড়া!
এই মুহূর্তে অঙ্কিতা ব্যস্ত মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের প্রস্তুতিতে। চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে কর্মশালা করছেন তিনি এবং নাচের তালিমও নিচ্ছেন বলে জানা গেছে। চলতি বছরেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। জগদ্ধাত্রী শেষ হওয়ার পর তাঁর অনুরাগীরা মুখিয়ে রয়েছেন বড়পর্দায় অঙ্কিতাকে দেখার জন্য। অন্যদিকে বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবিটি স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা, যেখানে দেবের সঙ্গে করিমূল হকের অনুপ্রেরণামূলক জীবনের গল্প বড়পর্দায় তুলে ধরা হবে।

