“আমরা ভাল আছি, কিছু জিনিস ব্যক্তিগত থাক।” আদৃতের সঙ্গে প্রেমের চর্চাকে উস্কে দিয়ে সপাটে জবাব কৌশাম্বির !

গুঞ্জন, গসিপ আর রটনা যা বলা চলে সবটাই কম। বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী যা করেন তাই নিয়েই কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। আদৃত রায়ের সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব নিয়ে কটূক্তি চলতে থাকে ক্রমাগত। এতদিন চুপই ছিলেন অভিনেত্রী। আদৃত রায়ের সঙ্গে তাঁর প্রেম আছে নাকি নেই, তা নিয়ে কোনওদিনই মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। তবে জামাইষষ্ঠীর দিনেই প্রথম আদৃতের বাহুডোরে নিজেকে বেঁধে ধরা দিয়েছিলেন তিনি।

আড়াই বছর! সময়টা নেহত কম নয়। আড়াই বছর আগে শুরু হয়েছিল মিঠাই ধারাবাহিকের যাত্রা। আর দেখতে দেখতে শেষ হতে চলেছে ‘মিঠাই’। ইতিমধ্যে জানা গিয়েছে ৩১ মে হবে শেষ দিনের শুটিং। সিরিয়াল শেষ হওয়ার আগে মন ভাল নেই কারও। শুধু মিঠাই বা সিদ্ধার্থ নয়, শ্রীনন্দা, শ্রীতমা থেকে তিস্তা- প্রতিটা চরিত্র পেয়েছে সমান জনপ্রিয়তা। ফলে প্রত্যেককেই যে খুব মনে পড়বে দর্শকের সে কথা বার বারই সমাজমাধ্যমের পাতায় উঠে আসছে। ‘মিঠাই’ সিরিয়ালের বিখ্যাত বাড়ি ‘মনোহরা’।

দর্শকরা নিশ্চয়ই ভোলেননি আসন্ন ধারাবাহিক ফুলকির জন্য মনোহরা ভেঙে ফেলার কথা। সেই সেট ভাঙার ছবি প্রকাশ্যে আসতে মনখারাপ হয়েছিল তাদের ভক্তদের। এই কয়েক বছরে সিদ্ধার্থ ওরফে আদৃতকে নিয়েও চর্চা কম হয়নি। বিশেষত তার ব্যক্তিগত জীবন নিয়ে। পর্দায় তাঁর দিদিয়া ওরফে কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ককে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। সে সব নিয়ে কখনও প্রকাশ্যে কথা বলতে চাননি তাঁরা। তবে সিরিয়ালের প্রতিটি সদস্যের গলায় মনখারাপের সুর।

সম্প্রতি কৌশাম্বী বলেন, “মনখারাপ তো হবেই। এটা এমন একটা সিরিয়াল যেখানে শুধু নায়ক-নায়িকা নয়, আমাদের প্রত্যেককে সমান ভালবাসা দিয়েছেন দর্শক। সবার সঙ্গে আর দেখা হবে না ভেবেই মনখারাপ হচ্ছে।” কৌশাম্বী এবং আদৃতকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। কাজ করতে গিয়েই নাকি তারা একে অপরকে মন দিয়ে বসেছেন! তবে ‘গসিপ’-এ কান দিতে নারাজ অভিনেত্রী। এরই মধ্যে রটেছিল আদৃতের জন্যই নাকি তিনি কাজের সুযোগও পাচ্ছেন।

এ প্রসঙ্গে কৌশাম্বীর বক্তব্য, “বেশ অনেকগুলো সিরিয়াল করে ফেললাম। তার মধ্যে নায়িকা হিসেবেও কাজ করেছি। এ কথাগুলো শুনলে খারাপ তো লাগেই। কারও সাহায্যে নিজের কেরিয়ার তৈরি করিনি।” সত্যিই কি তারা সম্পর্কে আছেন? আদৃতের সঙ্গে সম্পর্কের সমীকরণের প্রসঙ্গে অভিনেত্রীর স্পষ্ট উত্তর, “কিছু জিনিস ব্যক্তিগত থাক। সবটা না বলাই উচিত বলে মনে হয়। আমি আর আদৃত ভাল বন্ধু। আমরা ভাল আছি।”

Back to top button