মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে নোরা ফাতেহি, আঘাত নিয়েও মঞ্চে পেশাদারিত্বের নজির

মুম্বইয়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। শনিবার সন্ধ্যায় শহরের এক ব্যস্ত রাস্তায় অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় তাঁর গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে অন্য একটি গাড়ির। জানা গিয়েছে, ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। আচমকা এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় এবং নোরা সাময়িকভাবে জখম হন, যদিও বড়সড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

সেদিন নোরা যাচ্ছিলেন মুম্বইয়ের বহুল আলোচিত Sunburn Festival ২০২৫ এ অংশ নিতে। ওই অনুষ্ঠানে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ডেভিড গ্যেট্টার পারফর্ম করার কথা ছিল। তাঁর সঙ্গেই একই মঞ্চে অনুষ্ঠান করার কথা ছিল নোরার। কিন্তু কনসার্টের পথে আচমকাই এই দুর্ঘটনা ঘটে, যখন একটি বেপরোয়া গতির গাড়ি এসে তাঁদের গাড়িকে ধাক্কা মারে।

দুর্ঘটনার পর দ্রুত নোরাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর টিম সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা করেন এবং সতর্কতামূলক ভাবে সিটি স্ক্যানও করা হয়। রিপোর্টে স্বস্তির খবর মিলেছে। শরীরের ভিতরে কোনও রক্তক্ষরণের চিহ্ন পাওয়া যায়নি। যদিও ধাক্কার জেরে তাঁর শরীরের কয়েকটি জায়গায় সামান্য আঘাত ও ব্যথা রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

চিকিৎসকেরা নোরাকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেও, নিজের পেশাগত দায়িত্বের কথা ভেবে তিনি সেই পরামর্শ উপেক্ষা করেন। শারীরিক অস্বস্তি সত্ত্বেও তিনি অনুষ্ঠানে যোগ দেন এবং দর্শকদের সামনে নির্ধারিত পারফরম্যান্স সম্পন্ন করেন। তাঁর এই সিদ্ধান্ত এবং মানসিক দৃঢ়তা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তাঁর পেশাদারিত্বকে কুর্নিশ জানিয়েছেন।

আরও পড়ুনঃ ‘আমায় চুল্লিতে ঢুকিয়ে দে’, কম্বলে মোড়া থরথর রুবেল দেখে কেন চিন্তায় পড়েছিলেন ভক্তরা

দুর্ঘটনার পর নোরার গাড়ির ক্ষতিগ্রস্ত অবস্থার ছবিও প্রকাশ্যে এসেছে, যা দেখে ঘটনার ভয়াবহতা আন্দাজ করা যায়। যদিও বর্তমানে তিনি নিরাপদে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন এবং একই সঙ্গে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো দায়িত্বজ্ঞানহীন আচরণের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবিও তুলছেন।

Back to top button